জর্ডানের মুখোমুখি আর্জেন্টিনা – বিশ্রামে থাকছেন মেসি । টানা দুই জয়ে আগেই ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুধু তাই নয়, ‘জে’ গ্রুপের শীর্ষস্থানও নিজেদের করে নিয়েছে লিওনেল স্কালোনির দল। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে অনেকটাই চাপমুক্ত হয়েই মাঠে নামছে আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার ভোর ৮ টায়।
গ্রুপসেরা হওয়া নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে বড় সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখা হচ্ছে না। মূলত নকআউট পর্বের আগে তাকে বিশ্রাম দিতেই এমন পরিকল্পনা কোচ স্কালোনির। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামলে বিশ্বকাপে নতুন এক ইতিহাস গড়ার সুযোগ থাকবে তার সামনে।
বর্তমানে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করে ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টেইন ও ব্রাজিলিয়ান তারকা জাইরজিনহোর রেকর্ড স্পর্শ করেছেন মেসি। জর্ডানের বিপক্ষে গোল করতে পারলে টানা সাত ম্যাচে গোল করে এককভাবে নতুন রেকর্ড গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক।
অন্যদিকে বিশ্বকাপের নবাগত জর্ডানের জন্য ম্যাচটি বড় চ্যালেঞ্জ। এখনো বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পায়নি দলটি। শক্তির বিচারে আর্জেন্টিনার তুলনায় অনেক পিছিয়ে থাকলেও সম্মানজনক লড়াই করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।
পরিসংখ্যান ও সম্ভাবনার হিসাবেও এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। সুপার কম্পিউটার অপ্টার বিশ্লেষণ অনুযায়ী, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭৮.১ শতাংশ। ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ১৩.২ শতাংশ, আর জর্ডানের জয়ের সম্ভাবনা মাত্র ৮.৭ শতাংশ।
সব হিসাব আর্জেন্টিনার পক্ষেই। এখন দেখার বিষয়, মেসিহীন আলবিসেলেস্তেরা সহজ জয় তুলে নিতে পারে কিনা।
