আলজেরিয়ার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ । ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ইনজুরি সমস্যার কারণে পুরো দল শতভাগ ফিট না হলেও ম্যাচের আগে লিওনেল স্কালোনির শিবিরে আত্মবিশ্বাসের ঘাটতি নেই।
আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টিনা কোন ফরমেশনে নামবে, কারা থাকবেন শুরুর একাদশে, এসব নিয়েই ভক্তদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। স্কালোনি সাধারণত প্রতিপক্ষ অনুযায়ী কৌশল বদলান, তাই এই ম্যাচেও ভিন্ন পরিকল্পনা দেখা যেতে পারে।
তবে বর্তমান পরিস্থিতি ও স্কোয়াড বিবেচনায় আর্জেন্টিনাকে ৪-৩-৩ ফরমেশনেই বেশি সম্ভাব্য মনে করা হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে ৪-৪-২ ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বিশেষ করে ডি মারিয়ার অনুপস্থিতিতে লেফট সাইডে ভারসাম্য আনতে।
যে ফরমেশনেই খেলুক, গোলপোস্ট সামলাবেন এমিলিয়ানো মার্টিনেজই। রক্ষণভাগে বাঁ পাশে ইনজুরির কারণে তাগ্লিয়াফিকোর অনুপস্থিতিতে ফাকুন্দো মেদিনাকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাকে থাকবেন ওটামেন্ডি ও ক্রিস্তিয়ান রোমেরো। তবে স্কালোনি চাইলে লিসান্দ্রো মার্টিনেজকেও ব্যবহার করতে পারেন। ডান দিকে নাহুয়েল মোলিনা থাকাটা প্রায় নিশ্চিত।
মিডফিল্ডে মূল ভরসা থাকছেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাদের সঙ্গে তৃতীয় মিডফিল্ডার হিসেবে রদ্রিগো ডি পলকে দেখা যেতে পারে। আক্রমণাত্মক পরিকল্পনা হলে লো সেলসোও শুরুর একাদশে জায়গা পেতে পারেন।
আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্টিনেজের জায়গা নিশ্চিত বলেই ধরা হচ্ছে। বাম উইংয়ে থিয়াগো আলমাদা শুরুর একাদশে থাকতে পারেন, বিশেষ করে নিকো গঞ্জালেসের ইনজুরি সমস্যার কারণে।
তরুণদের মধ্যে নিকো পাজকে নিয়ে আলাদা আগ্রহ রয়েছে। একই পজিশনে মেসি থাকায় তাকে মূলত ভবিষ্যতের পরিকল্পনায় রাখা হচ্ছে, তবে পরিস্থিতি অনুযায়ী বদলি বা অ্যাটাকিং মিডফিল্ডে তাকে দেখা যেতে পারে। ভ্যালেন্তিন বার্কোও মূলত স্কোয়াড রোটেশনের অংশ হিসেবে লেফট ব্যাক বা উইংয়ে বদলি হিসেবে ব্যবহৃত হতে পারেন।
সব মিলিয়ে আর্জেন্টিনা তাদের শিরোপা রক্ষার অভিযান শুরু করছে অভিজ্ঞতা আর তরুণদের মিশেলে গড়া একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে।
