ইকুয়েডরের জাতীয় বীর হয়ে গেলেন আর্জেন্টাইন কোচ বেকাসেসে

আর্জেন্টাইন কোচ বেকাসেসে

সেবাস্তিয়ান বেকাসেসে ২০২৪ সালের আগস্টে ইকুয়েডরের দায়িত্ব নেন।

জার্মানির সাথে ড্র করলেও হয়ে যেতেন ভিলেন। অবধারিতভাবে বরখাস্তও হয়ে যেতেন। কিন্তু আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেসে হয়ে গেলেন ইকুয়েডরের জাতীয় বীর। জার্মানি ও ইকুয়েডরের ম্যাচ শেষ করতে রেফারি মেরি ভিক্টোরিয়া পেনসো যখন শেষ বাঁশি বাজালেন, ইকুয়েডরের কোচ বেকাসেসে গ্যালারির ব্যারিকেড টপকে ছুটে গেলেন তার পরিবারের সাথে উল্লাস করতে।

নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে জার্মানিকে হারিয়ে পরিবার ও ভক্তদের সাথে উদযাপন করছেন ইকুয়েডরের হেড কোচ সেবাস্তিয়ান বেকাসেসে। (ছবি: গেটি ইমেজেস)”

পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন এই হেড কোচ। কারণ মাঠের লড়াইয়ে তখন পরাশক্তি জার্মানিকে হারিয়ে দিয়েছে তার দল। বেকাসেসের জন্য এই মুহূর্তটি ছিল চরম আবেগের, কারণ গ্রুপ পর্বের এই শেষ ম্যাচটি ইকুয়েডরের কোচ হিসেবে তার শেষ ম্যাচও হতে পারত।

২০২৪ সালের আগস্টে ইকুয়েডরের দায়িত্ব নেওয়া এই আর্জেন্টাইন কৌশলী ম্যাচের আগেই জানিয়ে দিয়েছিলেন, তার দল যদি বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে তিনি পদত্যাগ করবেন।

জার্মানিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ইকুয়েডরের খেলোয়াড়দের সাথে উদযাপন করছেন সেবাস্তিয়ান বেকাসেসে। (ছবি: গেটি ইমেজেস)

গত সপ্তাহে কুরাসাওয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর গ্যালারিতে বেকাসেসের পরিবারের সদস্যদের সাথে সমর্থকদের উত্তপ্ত বাক্যবিনিময়ের খবরও ছড়িয়ে পড়েছিল।

বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন,

“আমাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। তবে যদি পরিস্থিতি পক্ষে না যায়, তাহলে আমাকে এমন একটি জায়গা ছেড়ে চলে যেতে হবে যা আমি খুব ভালোবাসি। আমি জানি, ফুটবলে শেষ কথা বলে ফলাফল।”

ম্যাচের একটি বড় সময় জুড়ে মনে হচ্ছিল, ইকুয়েডর এবং তাদের কোচ; উভয়েরই বিদায়ঘণ্টা বেজে গেছে। কিন্তু শেষ পর্যন্ত চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে লড়াকু মানসিকতা দেখিয়ে ২-১ ব্যবধানের এক ঐতিহাসিক জয় তুলে নেয় ইকুয়েডর। ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। আর শেষ বাঁশির পর মাঠের সেই বাঁধভাঙা উল্লাসই বলে দিচ্ছিল, কোচ হিসেবে ডাগআউটে নিজের সময়টা আরও বাড়িয়ে নিয়েছেন বেকাসেসে।

বিবিসি ওয়ান-কে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারার বলেন,

“ইকুয়েডর যদি এই ম্যাচটি না জিততো, তবে তিনি আজ চাকরিতে থাকতেন না। তিনি তার খেলোয়াড়দের কাছ থেকে একটা ঘুরে দাঁড়ানোর প্রতিক্রিয়া চেয়েছিলেন এবং সেটি তিনি দারুণভাবে পেয়েছেন। পরিবার, ভক্ত ও বন্ধুদের সাথে তার উদযাপনের দৃশ্যটি দেখুন, তিনি সত্যিই এটি পাওয়ার যোগ্য। তিনি এবং তাঁর খেলোয়াড়েরা জানপ্রাণ দিয়ে লড়েছেন তারা ঝুঁকি নিয়েছেন, যুদ্ধ করেছেন, কামড়ে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত শীর্ষেই থেকেছেন।”

Exit mobile version