ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল। আজ রাতে বোর্নমাউথের সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। তাই এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে গেছে চার পয়েন্টে এগিয়ে থাকা আর্সেনাল। মৌসুম শেষে সিটির দায়িত্ব ছাড়বেন কোচ পেপ গার্দিওলা, তাকে হতাশা নিয়েই দায়িত্ব শেষ করতে হচ্ছে।
জল্পনা-কল্পনার অবসান, ম্যানসিটির ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল। এদিনই আর্সেনাল ১-০ গোলে বার্নলিকে হারিয়ে ম্যানসিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে করে চার। ফলে এখন প্রিমিয়ার লিগে ২২ বছর অপেক্ষার পর শিরোপা জিতল গানাররা। ২০০৩-০৪ মৌসুমে আরসেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দলটি অবশেষে শিরোপার স্বাদ পেয়েছে।
সবমিলিয়ে এটি তাদের চতুর্থ লিগ শিরোপা। মিকেল আরতেতা কোচ হওয়ার পর মাত্র বড় মাপের দ্বিতীয় কোনো ট্রফি জিতল আর্সেনাল। ২০২০ সালে তার অধীনে এফএ কাপ জেতে লন্ডনের ক্লাবটি।
এক ম্যাচ আগেই ম্যানসিটির ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল
শিরোপা জেতার ক্ষীণ আশা জিইয়ে রাখার জন্য বোর্নমাউথের মাঠে আজ রাত জয়ের বিকল্প ছিল না ম্যানসিটির। কিন্তু উল্টো তারা হারতে বসেছিল। শুরু থেকেই সমানে-সমান লড়াই চলতে থাকা ম্যাচে এলি জুনিয়র ক্রুপি গোল করে এগিয়ে নেন বোর্নমাউথকে (১-০)।
১৯ বছরের এই তরুণ ফরাসি ফরোয়ার্ডের এটিই প্রথম প্রিমিয়ার লিগ। তিনি এই মৌসুমে লিগে ১৩টি গোল করেছেন। ইংলিশ লিগের অভিষেকে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছেন তিনি।
৩৯ মিনিটে আড্রিয়েন ট্রাফার্টের কাছ থেকে বাঁ প্রান্তে বল পেয়ে বক্সের এক প্রান্ত থেকে ডান পায়ের জোরালো শটে তিনি বল জালে জড়িয়ে দেন। এই গোলেই প্রথমার্ধ পিছিয়ে থেকে শেষ করে সিটিজেনরা।
দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারছিল না তারা। এমনকি পরাজয়ের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। যোগ করা সময়ের শেষ মুহূর্তে (৯৫ মিনিট) গোল করে আর্লিং হালান্ড দলের হার এড়িয়েছেন। এই ড্রয়ে ৩৭ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৭৮ আর সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৮২। তাই এখন শেষ ম্যাচে গানাররা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হারলেও শিরোপা তাদের ঘরেই উঠছে।
গার্দিওলার অধীনে মাত্র কয়েকদিন আগেই চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের শিরোপাও জেতার ক্ষীণ আশা ছিল। যদিও তারা আগেই পয়েন্টে পিছিয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত জিততে থাকলে এবং আর্সেনাল কোনো ম্যাচে পয়েন্ট হারালে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা গার্দিওলা শিষ্যদেরও ছিল।
সেটি করতে ব্যর্থ হয়েছে সিটিজেনরা। তাই লিগ জয়ের ব্যর্থতা নিয়েই এখন গার্দিওলাকে চলে যেতে হবে। ফলে কোচিং ক্যারিয়ারে এই প্রথম টানা দুইবার কোনো লিগ শিরোপা জেতা হলনা পেপ গার্দিওলার।
