দারুণ একটি মৌসুম কাটানো আর্সেনাল ইংল্যান্ডে সবচেয়ে ধনী ক্লাব হয়ে উঠছে অচিরেই। ক্লাবের ১৪০ বছরের ইতিহাসে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার ঐতিহাসিক ‘ডাবল’ জয়ের পথে তারা। আর সেজন্যই আর্থিক আয়ে বাকি ইংলিশ ক্লাবগুলোকে ছাড়িয়ে যাওয়ার পথেই রয়েছে।
সুদিন ফেরা আর্সেনাল ইংল্যান্ডে সবচেয়ে ধনী ক্লাব হয়ে উঠবে এমন আভাস দিয়েছে স্কাই স্পোর্টস। ইউরোপিয়ান ফুটবল বাণিজ্যের বিষয়গুলো বিশ্লেষণ করেই তারা এমন পরিসংখ্যান তুলে ধরেছে। এমিরেটসের ক্লাবটি আর্থিক আয়ের দিক থেকে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটিকে ছাড়িয়ে যাবে বলে আভাস দিয়েছে তারা।
মিকেল আরতেতার অধীনে ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে মাত্র তিন ম্যাচ বাকি থাকতেই গানাররা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তারা ৫ পয়েন্ট এগিয়ে। পাশাপাশি ২০০৬ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে গানাররা।
এর আগে লিগ ‘ডাবল’ জেতার কৃতিত্ব ২৪ বছর আগে দেখাতে পেরেছিল আর্সেনাল। সেবার তারা প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেছিল। এখন আরো মর্যাদার অর্জন হাতছানি দিচ্ছে তাদের। লিগ শিরোপার সুবাস পেতে থাকা গানাররা উঠেছে চ্যাম্পিয়নস লিগেরও ফাইনালে।
আর্সেনাল ইংল্যান্ডে সবচেয়ে ধনী যেভাবে হবে
ইউরোপীয় মঞ্চে এই সফল যাত্রা ক্লাবটির জন্য বিশেষভাবে লাভজনক হয়েছে। লিগের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে উত্তর লন্ডনের ক্লাবটি। ৩০ মে বুদাপেস্টে ফরাসি জায়ান্ট পিএসজির মুখোমুখি হবে তারা। এই সাফল্য কেবল ইউরোপে ক্লাবের মর্যাদাই বাড়ায়নি, বরং রেকর্ড পরিমাণ প্রাইজমানি এবং বাণিজ্যিক প্রচারও নিশ্চিত করেছে।
স্কাই স্পোর্টসের তথ্যমতে, আর্সেনাল ইতোমধ্যেই চ্যাম্পিয়নস লিগ ফাইনাল থেকে প্রায় ১২২ মিলিয়ন পাউন্ড প্রাইজমানি নিশ্চিত করেছে। আর পিএসজিকে হারিয়ে শিরোপা জিতলে এই অংক আরও বাড়বে। চলতি বছরের শুরুতে প্রকাশিত ‘ডেলোয়েট ফুটবল মানি লিগ‘ র্যাঙ্কিংয়ে লিভারপুল শীর্ষে থাকলেও আর্সেনালের বর্তমান ফর্ম এবং বাণিজ্যিক আয় আগামী বছরের হিসেবে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে।
গত দুই মৌসুমে এমিরেটস স্টেডিয়ামের প্রতিটি ম্যাচের টিকিট এখন নিয়মিতভাবে বিক্রি হয়ে যাচ্ছে। বেড়েছে বাণিজ্যিক অংশীদারিত্ব এবং ম্যাচ-ডে রাজস্ব। ইউরোপের অভিজাত প্রতিযোগিতায় ফেরায় টেলিভিশন সম্প্রচার থেকেও আয় কয়েকগুণ বেড়েছে। ক্লাবের সর্বশেষ প্রকাশিত হিসাব অনুযায়ী, তাদের আয় ছিল ৬৯১ মিলিয়ন পাউন্ড, যা এবার আরও বড় রেকর্ড গড়বে বলে ধারণা করা হচ্ছে।
এই আর্থিক উন্নতি আসন্ন গ্রীষ্মকালীন দলবদল বাজারেও আর্সেনালকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। স্কাই স্পোর্টস জানিয়েছে, নতুন বড় তারকা সাইনিং এবং কিছু খেলোয়াড় বিক্রির পরিকল্পনার মাঝেও ক্লাবটির আর্থিক ভিত এখন অত্যন্ত মজবুত। যদি তারা এ মাসে বড় কোনো শিরোপা জিততে পারে, তবে সেটি আরো ওপরের দিকে উঠবে।
