ই-স্পোর্টস নেশনস কাপে অংশগ্রহন করবে বাংলাদেশী ৫০ গেমার

ই-স্পোর্টস নেশনস কাপে অংশগ্রহন করবে ৫০ গেমার । চলতি বছরের নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-স্পোর্টসের বিশ্বকাপখ্যাত ই-স্পোর্টস নেশনস কাপ। ইতিহাসে প্রথমবারের মতো এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ দল।

বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মুনিরুল ইসলাম। বুধবার ৬ মে ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এই টুর্নামেন্টে বাংলাদেশ ১৫টি ভিন্ন ই-স্পোর্টস শিরোনামে অংশ নেবে। যেখানে মোট প্রাইজপুল ২২০ কোটি টাকারও বেশি। দেশভিত্তিক ই-স্পোর্টস টুর্নামেন্টগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় আয়োজন বলে উল্লেখ করেন তিনি। এমন ঐতিহাসিক আসরের অংশ হতে পারাকে বাংলাদেশের জন্য গর্বের বিষয় বলেও জানান মুনিরুল ইসলাম।

এবারের আসরে বাংলাদেশসহ অংশ নেবে প্রায় ১৫০টি দেশ। ১৫টি ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলবেন ৫০ জন গেমার। দলের প্রস্তুতি নিয়ে টিম ম্যানেজার আগা রাফসান জানান, বাছাইপর্বে বাংলাদেশকে প্রথমে এশিয়ার দেশগুলোর বিপক্ষে লড়তে হবে। লিডারবোর্ডে ২ বা ৩ নম্বরে থাকতে পারলেই মূল পর্বে খেলার সুযোগ মিলবে। সেই লক্ষ্য সামনে রেখে গেমাররা নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই টুর্নামেন্টকে সামনে রেখে সারা দেশ থেকে প্রায় ১৫০০ গেমার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে ট্রায়াল এবং একাধিক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত দল গঠন করা হয়েছে। দলের তিন কোচ ফারহান ইসলাম, মো. আবিদ হোসেন ও নাজমুস সাকিব গণমাধ্যমকে জানান, সম্পূর্ণ নিরপেক্ষভাবে জাতীয় দলের জন্য গেমার নির্বাচন করা হয়েছে এবং জোরেশোরে চলছে প্রস্তুতি। মূল আসর শুরু হতে এখনো দুই মাস সময় থাকায় প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Exit mobile version