স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী, অসি ক্রিকেটাররা দুই ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশে আসছেন।

আজ শুক্রবার বিকেলে সাড়ে ৫টার কিছু আগে প্রথম বহরের ক্রিকেটারদের বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের টিম হোটেলে নিয়ে যাওয়া হয়। দলের বাকি ক্রিকেটারদের নিয়ে দ্বিতীয় বহরটি আজ রাতের ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
অনুশীলনের সূচি
দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটাতে আগামীকাল শনিবার (৬ জুন) অস্ট্রেলিয়া দলের ঐচ্ছিক অনুশীলন করার কথা রয়েছে। তবে সিরিজের মূল প্রস্তুতি শুরু হবে আগামী ৭ ও ৮ জুন। এই দুই দিন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পুরোদমে অনুশীলনে ঘাম ঝরাবেন মিচেল মার্শরা।
ওয়ানডে ও টি-টোয়েন্টির চূড়ান্ত সময়সূচি
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের ‘হোম অব ক্রিকেট’-এ। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল বন্দরনগরী চট্টগ্রামে পাড়ি জমাবে।
ওয়ানডে সিরিজের সূচি (মিরপুর):
- ১ম ওয়ানডে: ৯ জুন (মঙ্গলবার)
- ২য় ওয়ানডে: ১১ জুন (বৃহস্পতিবার)
- ৩য় ওয়ানডে: ১৪ জুন (রবিবার)
দ্রষ্টব্য: ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ সকাল ১১:০০ টায় শুরু হবে।
টি-টোয়েন্টি সিরিজের সূচি (চট্টগ্রাম – বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম):
- ১ম টি-টোয়েন্টি: ১৭ জুন (বুধবার)
- ২য় টি-টোয়েন্টি: ১৯ জুন (শুক্রবার)
- ৩য় টি-টোয়েন্টি: ২১ জুন (রবিবার)
দ্রষ্টব্য: টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ দুপুর ২:০০ টায় শুরু হবে।
পেসত্রয়ীহীন অস্ট্রেলিয়া, নেতৃত্বে মিচেল মার্শ
বাংলাদেশ সফরের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে বড় ধরনের চমক রয়েছে। অসিদের বিখ্যাত অভিজ্ঞ পেস বোলিং ত্রয়ী -প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডকে এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সংস্করণের দলেই অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মিচেল মার্শ।
পাকিস্তানের কাছে হারের ক্ষত
বাংলাদেশ সফরে আসার ঠিক আগের দিনই বড় এক ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে ট্রফি খুইয়েছে অসিরা। পাকিস্তানের কাছে সিরিজ হারের ক্ষত নিয়েই এবার টাইগারদের মুখোমুখি হতে যাচ্ছে সফরকারীরা। ঘরের মাঠে বাংলাদেশ দলের সাম্প্রতিক দারুণ ফর্ম বিবেচনা করলে, এই তরুণ অসি দলের জন্য ঢাকা ও চট্টগ্রামের কন্ডিশন বেশ কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
একনজরে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল
অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারর্শিষ, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির সাঙ্ঘা, লিয়াম স্কট এবং অ্যাডাম জ্যাম্পা।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ এবং অ্যাডাম জাম্পা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















