ইনজুরিতে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর আজম

ইনজুরিতে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর আজম

ইনজুরিতে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর আজম । পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত ফর্ম দেখিয়ে পেশোয়ার জালমিকে শিরোপা জেতানো বাবর আজমকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ছিল আলাদা আগ্রহ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সেই ছন্দ জাতীয় দলেও ধরে রাখতে পারেন কি না, তা নিয়েই কৌতূহলে ছিলেন ভক্তরা। কিন্তু মিরপুরে প্রথম টেস্ট শুরুর আগমুহূর্তেই এলো দুঃসংবাদ।

বাঁ হাঁটুর ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না পাকিস্তানের নির্ভরযোগ্য এই ব্যাটার। দলের মেডিক্যাল প্যানেল তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। পরে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঁ হাঁটুর ইনজুরির কারণে বাবর আজম প্রথম টেস্টে মাঠে নামতে পারছেন না। সবশেষ পিএসএলে ১১ ইনিংসে ৫৮৮ রান করে তিনি ছিলেন দারুণ ছন্দে। তাই তার অনুপস্থিতি পাকিস্তানের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

বাবরের জায়গা পূরণে টপ অর্ডারে নতুন কাউকে সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে। সেই দৌড়ে আছেন আজান আওয়াইজ ও আব্দুল্লাহ ফজল। বাবরের না থাকা পাকিস্তানের ব্যাটিং লাইনআপে বাড়তি চাপ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ বাবরের ফর্মে ফেরা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বাবর পাকিস্তানের সেরা ব্যাটারদের একজন। তাকে রানে দেখতে পাওয়া সবসময়ই দারুণ। আশা ছিল টেস্টেও সে পিএসএলের মতো রান করবে। কিন্তু কয়েক ঘণ্টা পরই নিশ্চিত হয়, ইনজুরির কারণে প্রথম টেস্টে তাকে পাওয়া যাচ্ছে না।

আগামীকাল শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাবরের অনুপস্থিতি তাই সিরিজের শুরুতেই পাকিস্তানের পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে এলো।

Exit mobile version