সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলের পরাজয় দিয়ে এএফসি এশিয়ান ফুটবলের বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ। ম্যাচের ৩১তম মিনিটে জয়ী দলের পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন হারিস স্টুয়ার্ট।

সবমিলিয়ে, এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে শীর্ষে থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। অন্যদিকে ছয় ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকেই অভিযান শেষ করলো বাংলাদেশ। এক জয়, দুই ড্র ও তিন হারে শেষটা রাঙানোর আশা পূরণ হয়নি।
এই ম্যাচে দুই পরিবর্তন এনে একাদশ সাজান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গোলবারে ফেরেন নিয়মিত রক্ষক মিতুল মারমা। আক্রমণে মিরাজুল ইসলামের বদলে সুযোগ পান শেখ মোরসালিন। তবে আগের ম্যাচের মতোই একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামাল ভূঁইয়া। এমনকি বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ হয়নি জামালের।
শুরুর দিকেই দুই দল আক্রমণাত্মক খেললেও স্পষ্ট সুযোগ তৈরি করতে পারছিলো না। সপ্তম মিনিটে ফাহামিদুলের ক্রস ক্লিয়ার করেন হারিস স্টুয়ার্ট। ১৫ মিনিটে সাদউদ্দিনের ক্রস থেকে শমিত সোমের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
২০তম মিনিটে ইখসান ফান্দি-র জোরালো শট ঠেকান মিতুল। পরে রিহান স্টুয়ার্টের ক্রসও ফিরিয়ে দেন তিনি। ২৪ মিনিটে সোহেল রানার দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে যায়।
৩১তম মিনিটে এগিয়ে যায় সিঙ্গাপুর। মাঝমাঠ থেকে আসা আক্রমণে প্রথম শট ঠেকালেও ফিরতি বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত হারিস স্টুয়ার্টের নিখুঁত শটে গোল হজম করতে হয়।
শাহদান সুলাইমান কুয়েহ-এর নেওয়া জোরালো শটটি মিতুল মারমা ঠেকিয়ে দিলেও বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। তার হাত থেকে ফিরে আসা বলটি চলে যায় ইখসান ফান্দি-র পায়ে। ইখসান বুদ্ধিদীপ্তভাবে বলটি বাড়িয়ে দেন হারিস স্টুয়ার্ট-এর দিকে। নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন স্টুয়ার্ট। ডিফেন্ডার সাদ উদ্দিন প্রতিপক্ষ ফরোয়ার্ডকে থামাতে ব্যর্থ হন।
৩৯তম মিনিটে সমতায় ফেরার বড় সুযোগ পায় বাংলাদেশ। মোরসালিনের শট ব্লক হওয়ার পর বল পেয়ে ফয়সাল আহমেদ ফাহিম পড়ে গেলে পেনাল্টির দাবি ওঠে। তবে রেফারি সাড়া দেননি। এরপর হামজার ফ্রি কিক ও সাদউদ্দিনের শট। দুটিই লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন আনেন ক্যাবরেরা। শাহরিয়ার ইমন, বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলাম মাঠে নামেন। ৭৪তম মিনিটে ইলহানের বিপজ্জনক আক্রমণ দারুণ ক্ষিপ্রতায় ঠেকান মিতুল। পাল্টা আক্রমণে হামজার শট বাইরে যায়।
৭৯তম মিনিটে গোলের সবচেয়ে কাছাকাছি যায় বাংলাদেশ। হামজার ক্রসে মিরাজুলের প্লেসিং শট পোস্টে লেগে ফিরে আসে। শেষ মুহূর্তেও ইমন ও মিরাজুল সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় দল।
অবশেষে আর সমতা ফেরানো সম্ভব হয়নি। তৃতীয় হারের হতাশা নিয়েই বাছাইপর্ব শেষ করে বাংলাদেশ।
উল্লেখ্য, ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল সিঙ্গাপুর।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















