শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ, ফাইনালে ভারতের কাছে হার । হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে গোয়ার মাটিতে নামলেও শেষ পর্যন্ত সাফল্য ধরা দিল না বাংলাদেশ নারী ফুটবল দলের। গত দুই সাফের চ্যাম্পিয়ন টাইগ্রেসরা এবার ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ১-৩ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে। এর আগে ২০১৬ সালের ফাইনালেও ভারতের বিপক্ষে হারতে হয়েছিল বাংলাদেশকে।
এবারের আসরে শুরু থেকেই নিজেদের ছন্দ খুঁজে পেতে লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল পিটার বাটলারের দল। ফাইনালেও একই প্রতিপক্ষের বিপক্ষে তিন গোল হজম করতে হলো তাদের। বাংলাদেশের একমাত্র সান্ত্বনার গোলটি এসেছে ঋতুপর্ণা চাকমার পা থেকে।
ফাইনালে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে আবারও ধরা পড়ে গোলকিপিং ও রক্ষণভাগ। তিনটি গোলের মধ্যে দুটিতে গোলরক্ষক মিলি আক্তারের ভুল ছিল, আর একটি গোল আসে ডিফেন্ডার আফিদা খন্দকারের ভুলে। ভারতের ফরোয়ার্ডদের ধারাবাহিক চাপের সামনে বাংলাদেশের ডিফেন্স বারবার ভেঙে পড়ে।
ম্যাচের প্রথমার্ধে গোল হজম করেও লড়াইয়ে ফেরে বাংলাদেশ। ৪২ মিনিটে পিয়ারী সাহার গোলে ভারত এগিয়ে যায়। ওই আক্রমণে গোলরক্ষক মিলি আক্তার পোস্ট ছেড়ে সামনে এগিয়ে গেলে পিয়ারী বক্সের বাইরে থেকে বল তুলে দেন তার মাথার উপর দিয়ে। মিলি পেছনে ফিরে চেষ্টা করলেও গোল বাঁচাতে পারেননি।
তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে ঋতুপর্ণা চাকমা দারুণ কোনাকুনি শটে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান। নেপালের বিপক্ষে আগের ম্যাচেও তার অলিম্পিক গোলে বাংলাদেশ নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল। কিন্তু ভারতের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখা যায়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারত আবার লিড নেয়। ৪৯ মিনিটে কর্ণার থেকে বক্সের মধ্যে দারুণ হেডে গোল করেন সানফিদা। বাংলাদেশের ডিফেন্ডাররা তাকে থামাতে ব্যর্থ হন। গোলরক্ষক মিলি আক্তার ঝাঁপিয়ে পড়লেও বল সাইড পোস্টে লেগে জালে ঢুকে পড়ে।
এরপর বাংলাদেশের সমতা ফেরানোর চেষ্টা ছিল, কিন্তু ঋতুপর্ণার ওপর অতিরিক্ত নির্ভরতা কাজ করেনি। এই অর্ধে বাংলাদেশ কার্যত ভালো ফুটবল খেলতে পারেনি। শেষদিকে ৮২ মিনিটে আফিদা খন্দকারের ক্লিয়ার করতে না পারা বল ধরে ভারতের আরেক ফরোয়ার্ড গোল করলে ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারিত হয়ে যায়।
গত দুই সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ এবার শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দহীনই রইল। তাই হ্যাটট্রিক মিশন শেষ হলো হতাশায়, আর ভারতের মাঠে আবারও শিরোপা জিতল স্বাগতিকরাই।
