আজ শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। সকাল ১১টায় মিরপুরে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। সরকারের জ্বালানি সাশ্রয় নীতির কারণে ফ্লাডলাইটের আলোয় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের জন্য এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। ২০২৭ সালের বিশ্বকাপ ক্রিকেটে সরাসরি খেলতে হলে ওয়ার্ন র্যাংকিংয়ের শীর্ষ নয়ে থাকতে হবে বাংলাদেশকে। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ঠিক নয়ে। তবে স্থানটি মোটেও নিরাপদ নয়। কেননা ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ওয়েস্ট ইন্ডিজ। একটু এদিক ওদিক হলেই ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে টপকে শীর্ষ নয়ে ঢুকে পড়বে।
এমন অবস্থায় বাংলাদেশ যতটা সম্ভব দলকে শক্তিশালী করে সাজানো হয়েছে। পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়া ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ঠিক বিপরীত অবস্থা সফরকারী নিউজিল্যান্ডের। তাদের র্যাংকিংয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। র্যাংকিংয়ে ভারত শীর্ষে, তারপরেই নিউজিল্যান্ড। ফলে বাংলাদেশ সফর নিয়ে তাদের খুব একটা চিন্তা ভাবনা নেই। যে কারণে একাধিক নিয়মিত খেলোয়াড়কে বাইরে রেখে তারা দল সাজিয়েছে। বিশ্বের বিভিন্ন লিগে ব্যস্ত থাকা শীর্ষ খেলোয়াড়দের তারা ডাকেনি। ফলে অনভিজ্ঞ একটা দল নিয়ে তারা বাংলাদেশ সফর করছে।
ফলে দুই দলের খেলোয়াড়দের মাঝে অভিজ্ঞতার বিশাল এক ফারাক। বাংলাদেশের বেশিরভাগ খেলোয়াড়ের অভিজ্ঞতার ভান্ডার হৃষ্টপুষ্ট। অন্যদিকে নিউজিল্যান্ডের বেশির ভাগ খেলোয়াড়ের অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে দুই থেকে তিনটি ম্যাচ খেলার স্মৃতি। এ বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে খেলা নিউজিল্যান্ডের একাদশে যারা ছিলেন তাদের আটজনই দলে নেই। এমন বিপরীতমুখী অবস্থা সত্ত্বেও উভয় দলের অধিনায়ক সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী।
নিউজিল্যান্ডের কোচ বব ওয়াল্টার এই সিরিজকে খেলোয়াড়দের পরীক্ষা করার একটু সুযোগ হিসেবে দেখছেন। মোহাম্মদ আব্বাস, আদি অসোক, ব্লায়ার টিকনার ও ডিন ফক্সক্রফটকে পরীক্ষা করে দেখতে চান। তবে ভারতে অভিষেক হওয়া বা হাতি স্পিনার জেডেন লেনক্সকে নিয়ে একটু বেশিই আশাবাদী তিনি। তার মতে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তিনি। এ সব নতুন খেলোয়াড়দের পাশাপাশি রয়েছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার- টম লাথাম, উইল ইয়ং ও হেনরি নিকোলাস।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের একটা তিক্ত স্মৃতি রয়েছে। ২০০৪ সাল থেকে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিততে পারেননি সফরকারীরা। ২০০৮, ২০১০, ২০১৩ সালে হার দিয়ে শুরু হয়েছিল তাদের সিরিজ। ২০২৩ সালের সফরে প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
