পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ চ্যাম্পিয়নের মতোই খেলছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক রমিজ রাজা। সেই সাথে বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক রমিজ রাজা। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা, দলের মানসিকতা এবং নাহিদ রানার গতির সামনে পাকিস্তানি ব্যাটারদের অসহায়ত্ব নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে খোলামেলা বিশ্লেষণ করেছেন তিনি।
এছাড়া বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবেও মানছেন রমিজ, বলছেন চ্যাম্পিয়নের মতো খেলছে বাংলাদেশ। রমিজ মনে করেন, এই উইকেটে পাকিস্তানের আরও বড় স্কোর করা উচিত ছিল। তিনি বলেন, “এমন নয় যে ৪০০ রান তাড়া করতে হতো। প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছিল, এই পিচে অন্তত ২৭০-২৭৫ রান হওয়া উচিত ছিল। এরপর বাংলাদেশ ৪৮ রানের লিড পেয়ে গেল এবং তারা আত্মবিশ্বাসের সাথে খেলতে থাকল।’
পাকিস্তান দলের মানসিক দৃঢ়তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই অধিনায়ক। তার মতে, এখন হাল ছেড়ে দিলে চলবে না। রমিজ বলেন, ‘কিন্তু এখন পাকিস্তানের পরিস্থিতি কী? দেখুন, হাত তুলে দেওয়া এবং এটা বলা যে ‘আমরা আর কিছু করতে পারছি না’ এতে সমস্যার সমাধান হবে না বা বিষয়টির মীমাংসা হবে না। এখন আপনারা যে টার্গেটই পান না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনাদের পরিস্থিতির মোকাবেলা করতে হবে এবং পেছনে ফেরার পথ বন্ধ করে সোমবার এমনভাবে খেলতে হবে যেন ‘আজকের পর আর কোনো আগামীকাল নেই’।”
তিনি আরও যোগ করেন, ‘আপনাদের মনে করতে হবে এটি সব খেলোয়াড়ের জীবনের শেষ টেস্ট ম্যাচ এবং নিজেদের জন্য ও দেশের জন্য নাম কামাতে হবে, কারণ অনেক কিছুই এখন ঝুঁকির মুখে।’ বাংলাদেশ দলের প্রশংসাও করেছেন রমিজ। তার মতে, এই সিরিজে বাংলাদেশ চ্যাম্পিয়নদের মতো ক্রিকেট খেলছে।
এছাড়া রমিজের ভাষায়, ‘আমি এটা মানছি যে বাংলাদেশ একটি হেভিওয়েট দলে পরিণত হয়েছে, অন্তত এই সিরিজে তারা একেবারে চ্যাম্পিয়নদের মতো খেলেছে। কিন্তু পাকিস্তানের মধ্যেও তো লড়াই করার সাহস থাকতে হবে, নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে খেলতে হবে এবং সবাইকে অবদান রাখতে হবে।
দলের সিনিয়র ক্রিকেটারদের ব্যর্থতার প্রভাব নিয়েও কথা বলেছেন তিনি। রমিজ বলেন, ‘(পাকিস্তানের) পরিস্থিতি এখন নাজুক। যখন সিনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্স খারাপ হয়ে যায়, তখন তার পুরো প্রভাব ডাগ-আউটের ওপর পড়ে। আর অধিনায়কও যদি রান না পান, তবে দলের যে যৌথ সংকল্প বা ইচ্ছা, তাতে বড় আঘাত লাগে। এই সব বিষয় আপনাদের সামনেই রয়েছে।’
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটারদের সামনে আবারও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন নাহিদ রানা-এমনটাই মনে করছেন রমিজ। তিনি বলেন, ‘এখনও দ্বিতীয় ইনিংস বাকি আছে, নাহিদ রানা আবারও বোলিংয়ে আসবে। তার বিরুদ্ধে কী কৌশল হওয়া উচিত? যতক্ষণ না পাকিস্তানের এই খেলোয়াড়রা হুক এবং পুল শটে পারদর্শী হবে বা এই লেংথ ভালোমতো খেলতে পারবে, ততক্ষণ নাহিদ রানার মতো বোলাররা আপনাদের নাচাতে থাকবে। গতির কারণে আপনাদের ভারসাম্য নষ্ট হয়ে যায়।’
এছাড়া পাকিস্তানি ব্যাটারদের শরীরী ভাষা নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি। রমিজের ভাষায়, ‘শান মাসুদ ছাড়া দলের বাকি ব্যাটসম্যানদের মধ্যে কাউকেই আমি খুব ভালো পুল শট খেলতে দেখিনি। যেন তারা একটি দুর্ঘটনার অপেক্ষা করছে যে নাহিদ রানা আসবে আর আমাদের উড়িয়ে নিয়ে যাবে। সুতরাং এই ধরনের ইম্প্রেশন দেওয়া যাবে না, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ শক্তিশালী হতে হবে।’
