বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যকার প্রথম টেস্ট মাঠে বসে উপভোগ করতে দর্শকদের টিকিট কাটতে হবে না। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নর্থ ও সাউথ গ্যালারিতে বিনা মূল্যে খেলা দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৮ অক্টোবর শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ম্যাচটি দেখতে নির্ধারিত এই দুই গ্যালারিতে বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। এর আগে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের জন্য এমন সুযোগ রাখা হলেও এবার তা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
তবে স্টেডিয়ামের সব গ্যালারিতে বিনা মূল্যে প্রবেশের সুযোগ থাকছে না। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল ও শহীদ মোস্তাক স্ট্যান্ডের জন্য প্রযোজ্য হবে না এই সুবিধা। একইভাবে ভিআইপি ও হসপিটালিটি এলাকাতেও বিনা মূল্যে প্রবেশ করা যাবে না।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিবি। সিরিজের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে ক্যারিবীয়রা। সে লক্ষ্যে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে তারা।
বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জাকের আলীর নেতৃত্বে মাঠে নেমেছে বিসিবি একাদশ। আজ চলছে ম্যাচটির দ্বিতীয় ও শেষ দিনের খেলা। এই প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল, কেমার রোচরা।




