বার্সার নজরে ইন্টার মিলানের রক্ষণভাগের তারকা বাস্তোনির দিকে

বার্সার নজরে ইন্টার মিলানের রক্ষণভাগের তারকা বাস্তোনির দিকে

ছবি: কালেক্টেড

বার্সার নজর ইন্টার মিলানের রক্ষণভাগের তারকা বাস্তোনির দিকে । আসন্ন গ্রীষ্মকালীন দলবদলের আগে ইন্টার মিলানের ইতালিয়ান ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনিকে দলে নিতে আগ্রহী বার্সেলোনা। বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন ইন্টারের সভাপতি বেপ্পে মারোত্তা।

রেডিও আনচিও স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে মারোত্তা বলেন, বাস্তোনির প্রতি বার্সেলোনার আগ্রহের কথা তিনি অস্বীকার করছেন না। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রস্তাব আসেনি বলেও জানান তিনি। তার ভাষায়, কোনো খেলোয়াড় সাধারণত তখনই দল ছাড়ে, যখন সে নিজে যেতে চায়। বাস্তোনি এখন ইন্টারে খুশি, এবং ক্লাবও তাকে নিয়ে সন্তুষ্ট।

বাস্তোনিকে বড় মাপের খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়ে মারোত্তা আরও বলেন, জুভেন্টাসের বিপক্ষে একটি ভুলের পর সমালোচনার মুখে পড়লেও ক্লাব সবসময় তার পাশে ছিল।

অন্যদিকে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক রক্ষণভাগ আরও শক্তিশালী করতে একজন বাঁ পায়ের সেন্ট্রাল ডিফেন্ডার খুঁজছেন। এই পজিশনে বাস্তোনিকেই তাদের প্রথম পছন্দ হিসেবে দেখা হচ্ছে।

ইন্টার গত পাঁচ বছরে তিনটি সিরি আ শিরোপা জিতলেও ক্লাবটির আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। তাই বার্সেলোনার বড় প্রস্তাব এলে তা সামলানো কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাস্তোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি মারোত্তা ইন্টারের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও তুলে ধরেন। তিনি বলেন, দলে ইতালিয়ান খেলোয়াড়দের শক্ত ভিত ধরে রাখতে চায় ইন্টার। তার মতে, সিরি আ জিততে হলে ইতালিয়ান ফুটবল ভালো বোঝেন এমন খেলোয়াড়দের দলে রাখা জরুরি।

Exit mobile version