স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা শিরোপার কাছে চলে গেছে আরও একটি জয়ে। গেতাফের বিপক্ষে শনিবার রাতে ২-০ গোলের সহজ জয়ে এখন ৩৩ ম্যাচে ৮৫ পয়েন্ট কাতালানদের। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এখন ১১।
লিগের চারটি ম্যাচ বাকি থাকেতেই বার্সেলোনা শিরোপার কাছে পৌঁছে গেছে। আগেই তারা রিয়ালের চেয়ে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিল পয়েন্ট টেবিলে। সর্বশেষ ম্যাচে রিয়াল বেতিসের সঙ্গে লস ব্লাংকোরা ১-১ গোলে ড্র করে আরো পিছিয়ে পড়ে। এরপর বার্সার সামনে সুযোগ তৈরি হয় আরেকটু এগিয়ে যাওয়ার।
অবশ্য সেজন্য সতর্কতার সাথেই খেলতে হয়েছে। কারণ, গেতাফের মাঠ কলিসিয়ামে গিয়ে খেলতে হয়েছে তাদের। এই ভেন্যুতে ২০১৯ সালের পর জিততে পারেনি বার্সেলোনা। আর এবার লা লিগায় পারফরম্যান্স বিবেচনায় মধ্যম সারির দল গেতাফে এবং সবশেষ চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা।
যদিও ম্যাচের ৭৬ ভাগ সময় নিজেদেন পায়েই বল রাখতে পেরেছে বার্সেলোনা, কিন্তু প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ সময় পর্যন্ত। প্রথমার্ধের যোগ করা সময়ে ফারমিন লোপেজ লক্ষ্যভেদ করেছেন পেদ্রির কাছ থেকে বল পেয়ে (১-০)।
গোলটি উদযাপন করেন তিনি ইনজুরিতে আক্রান্ত লামিনে ইয়ামালকে। বার্সেলোনার শীর্ষ গোলদাতা ও অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ড মৌসুমের বাকি সময়ে আর খেলবেন না। পেশির ইনজুরিতে পড়েছেন তিনি।
মার্কাস র্যাশফোর্ড বদলি হিসেবে মাঠে নামেন ম্যাচের ৬১ মিনিটে। তার গোল পেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৭৫তম মিনিটে একক প্রচেষ্টায় বল গেতাফের জোলে জড়িয় স্কোর ২-০ করেন তিনি।
বাকি সময়ে আর কেউ গোল করতে পারেননি। শেষ পর্যন্ত ২-০ গোলের স্বস্তির জয় নিয়েই ন্যু ক্যাম্পের উদ্দেশ্যে মাঠ ছাড়ে কাতালানরা। লিগের পাঁচ ম্যাচ হাতে রেখে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান বাড়াল বার্সা।
বার্সেলোনা শিরোপার কাছে
আগের পাঁচবার গেতাফের এই মাঠে এসে কেবল একটি গোল করেছিল হ্যান্সি ফ্লিকের দল। টানা চারটি ড্র ও ২০২০ সালে হার দেখেছিল স্প্যানিশ জায়ান্টরা স্বাগতিকদের কাছে। অবশেষে ছয়টি মৌসুম পর এখানে জিতল বার্সেলোনা।
আগামী ১০ মে ন্যু ক্যাম্পে এল ক্লাসিকো হতে পারে শিরোপা নির্ধারক ম্যাচ। কারণ, সেদিন জিতলে রিয়ালের সঙ্গে ব্যবধানটা হবে ১৪ পয়েন্টের, সেক্ষেত্রে ওই লড়াইয়ের পর বাকি চার ম্যাচে বার্সা হারলে ও রিয়াল জিতলেও এগিয়ে থাকবে কাতালানরাই।
আর যদি ড্র হয়, সেক্ষেত্রে এখন থেকে বাকি পাঁচ ম্যাচে ৫টি পয়েন্ট পেলেই বার্সার লিগ শিরোপা নিশ্চিত হওয়ার কথা। কারণ, সেক্ষেত্রে ৭৪ পয়েন্ট পাওয়া রিয়াল সব ম্যাচ জিতলেও ধরতে পারবে না চরম প্রতিপক্ষদের। এমনকি চার পয়েন্ট পেয়ে গেলেও চ্যাম্পিয়ন হতে পারে বার্সেলোনা। কারণ, গোল পার্থক্যের দিক থেকে বিস্তর ব্যবধান তাদের রিয়ালের চেয়ে।
