লা লিগায় একই রাতে জয় পেল বার্সেলোনা-রিয়াল। এবার এল ক্লাসিকোয় বার্সেলোনা ২-০ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেওয়ার মাধ্যমে লিগ শিরোপা নিশ্চিত করে। রবিবার রাতে বার্সেলোনা ৩-১ গোলে রিয়াল বেতিসকে এবং রিয়াল ১-০ গোলে সেভিয়াকে হারিয়েছে।
ইতোমধ্যে লিগ শিরোপা নির্ধারিত হওয়ার পর জয় পেল বার্সেলোনা-রিয়াল। যদিও কাতালানরা শিরোপা নিশ্চিতের পরই অবিশ্বাস্যভাবে রেলিগেশনের শঙ্কায় থাকা আলাভেসের কাছে হেরে যায় ১-০ গোলে। সেই শোধ তারা তুলেছে ন্যু ক্যাম্পে বেতিসকে পরাস্ত করে। ফলে এবারের মৌসুমে ঘরের মাঠে সব ম্যাচই জেতার রেকর্ড গড়ল বার্সেলোনা।
এই ম্যাচে ফিরেছেন ব্রাজিলের তারকা রাফিনিয়া। আর প্রত্যাবর্তনের ম্যাচেই তিনি জোড়া গোল করেছেন। ঘরের মাঠে বেতিসকে পাত্তাই দেয়নি বার্সা। বেশিরভাগ সময়ই তারা বলের নিয়ন্ত্রণ ধরে রাখে।
আবার জয় পেল বার্সেলোনা-রিয়াল
এরপরও প্রথমার্ধে মাত্র একটিই গোল করতে পেরেছে কাতালানরা, সেটিও ২৭ মিনিটে। রাফিনিয়াই গোলটি করেন। দ্বিতীয়ার্ধেও বার্সেলোনার আক্রমণ ঠেকিয়ে রাখে বেতিস। কিন্তু ৬৩ মিনিটে রাফিনিয়া আরেকটি গোল করে ব্যবধান বাড়িয়েছেন।
৬৮ মিনিটে বার্সা ডিফেন্সের ভুলে পেনাল্টি থেকে করা ইসকোর গোলে ব্যবধান কমিয়েছে বেতিস। তবে তাতে কোনো লাভ হয়নি। কিছুক্ষণ পরেই আরেকটি গোল করেছেন বার্সার জোয়াও ক্যানসেলো। ৭৩ মিনিটে তার করা গোলের পর আর কেউ সাফল্য পায়নি।
৩-১ গোলের জয়ে বার্সা ৩৭ ম্যাচে ৯৪ পয়েন্ট অর্জন করেছে। বেতিসের অবশ্য এই হারেও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর অবস্থানেই আছে তারা।
অন্যদিকে, এই ম্যাচের আগেই রিয়াল টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। বার্সার কাছে হারের পরই তারা রিয়াল ওভেইদোকে ২-০ গোলে পরাজিত করে। এবার তারা সেভিয়াকে তাদের মাঠে গিয়ে হারিয়ে দিয়েছে।
ম্যাচে আধিপত্য রেখেই খেলেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু মারাত্মক কিছু কাউন্টার অ্যাটাকে সেভিয়া কাঁপিয়ে দিয়েছে তাদের রক্ষণভাগকে। বেশিরভাগ সময় রিয়ালের পায়ে বল থাকলেও গোলমুখে বেশি শট নিয়েছে সেভিয়া।
অবশ্য সাফল্য পেয়েছে রিয়াল মাদ্রিদই। সেটি ম্যাচের শুরুতেই ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে। ১৪ মিনিটের সময় তিনি লক্ষ্যভেদ করে রিয়ালকে ১-০ গোলে এগিয়ে দেন। এরপরই যেন দুর্বার হয়ে ওঠে সেভিয়া।
কিন্তু শেষ পর্যন্ত ওই একটি গোলের জয় নিয়েই সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরে রিয়াল মাদ্রিদ। এই হারের পরও সেভিয়া রেলিগেশন থেকে বেশ দূরেই আছে। ৪৩ পয়েন্ট নিয়ে আপাতত তাদের অবস্থান ১৩ নম্বরে।
