যুব দল নিয়ে বিসিবির নতুন পরিকল্পনা । সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল আজিজুল হাকিম তামিমদের। সেই আসরের পর যুব দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ বা আনুষ্ঠানিক কর্মসূচিও হয়নি।
তবে ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে এবার নতুন করে পরিকল্পনা সাজাতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে শেষ হয়েছে ইয়ুথ ক্রিকেট লিগ। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে অনুশীলন ক্যাম্প। এরপর সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হবে একটি চ্যালেঞ্জ সিরিজ।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ৪৫ জন ক্রিকেটারকে নিয়ে তিন বা চারটি দল গঠন করা হবে। এই দলগুলো নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে। চ্যালেঞ্জ সিরিজে পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করা হবে ২৪ থেকে ৩০ জনের একটি প্রাথমিক স্কোয়াড। এরপর সেই ক্রিকেটারদের নিয়ে চলবে দীর্ঘমেয়াদি অনুশীলন কার্যক্রম।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, চ্যালেঞ্জ ট্রফির মাধ্যমে সেরা পারফরমারদের খুঁজে বের করা হবে। পাশাপাশি যুব দলের জন্য বিদেশি সিরিজ আয়োজন নিয়েও আলোচনা চলছে। পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ করছে বোর্ড।
এদিকে যুব ক্রিকেটের উন্নয়নে বড় এক চমক দেখাতে যাচ্ছে বিসিবি। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে যুব দলের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
তরুণ ক্রিকেটারদের মানসিক ও কারিগরি উন্নয়নে মাহমুদউল্লাহর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২৮ বিশ্বকাপকে সামনে রেখে নতুন প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তুলতেই এই পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















