ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবার আগে ফাইনালে বেঙ্গালুরু । মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সকে ৯২ রানে হারিয়ে এই যোগ্যতা অর্জন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত আসরেও ফাইনাল খেলে দলটি, এবারও সবার আগে শিরোপা লড়াইয়ের মঞ্চে পৌঁছে গেছে গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু।
গ্রুপ পর্বের পারফরম্যান্স ধরে রেখে এখন সবার আগে ফাইনালে পৌঁছেছে বেঙ্গালুরু। অবশ্য তারা এবং গুজরাট- উভয় দলই ৯টি করে জয় নিয়ে ১৮ পয়েন্ট পেয়ে শীর্ষ দুই দল হিসেবে প্লে-অফে ওঠে। এ কারণেই কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় দু’দল। গুজরাট হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে পৌঁছার আরেকটি সুযোগ পাবে।
ধর্মশালায় মঙ্গলবার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বেঙ্গালুরু ২১ রানেই প্রথম উইকেট হারায়। কিন্তু দ্বিতীয় উইকেটে ৭২ ও চতুর্থ উইকেটে ৯৫ রানের দুর্দান্ত দুই জুটিতে বড় সংগ্রহ পায় তারা। বিরাট কোহলি ২৫ বলে ৫টি চার, ১টি ছয়ে ৪৩ এবং দেবদূত পাডিক্কাল ১৯ বলে ৫টি চারে ৩০ রানে আউট হন।

কিন্তু রজত পাতিদার বিধ্বংসী ইনিংস খেলেন। তিনি ৩৩ বলে ৫টি চার, ৯টি ছক্কায় ৯৩ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে পাঁচ উইকেটে ২৫৪ রান করে বেঙ্গালুরু। ২৮ বলে ৫টি চার, ২টি ছক্কায় ৪৩ রান করেন ক্রুনাল পান্ডিয়া। দুটি করে উইকেট নেন জ্যাসন হোল্ডার ও কাগিসো রাবাদা।
কোয়ালিফায়ার জিতে সবার আগে ফাইনালে বেঙ্গালুরু
জবাব দিতে নেমে প্রথম থেকেই বিপর্যস্ত হয়েছে গুজরাট। ব্যাটিং ব্যর্থতায় ভালো কোনো জুটিও হয়নি। জ্যাকব ডাফি ও ভুবনেশ্বর কুমারের বিধ্বংসী বোলিংয়ে দাঁড়াতেই পারেননি কেউ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক সময় ৮৮ রানেই আট ব্যাটারকে হারায় গুজরাট।
নবম উইকেটে ৬৮ রানের জুটি গড়ে লজ্জাজনক হারটাকে কিছুটা সম্মানজনক করেছেন রাহুল টেওয়াটিয়া ও মোহাম্মদ সিরাজ। এর মধ্যে টেওয়াটিয়া ৪৩ বলে ৮টি চার, ৪টি ছক্কায় ৬৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন।

শেষ পর্যন্ত গুজরাট ১৯.৩ ওভারে ১৬২ রানেই গুটিয়ে যায়। ডাফি ৩টি এবং ভুবনেশ্বর, রসিক সালাম ও ক্রুনাল ২টি করে উইকেট নেন। এই জয়ে এবারের আসরে সবার আগে ফাইনালে উঠল বেঙ্গালুরু।
সংক্ষিপ্ত স্কোর
- বেঙ্গালুরু- ২৫৪/৫; ২০ ওভার (পাতিদার ৯৩*, কোহলি ৪৩, ক্রুনাল ৪৩, পাডিক্কাল ৩০; হোল্ডার ২/৩৯, রাবাদা ২/৫৪)।
- গুজরাট- ১৬২/১০; ১৯.৩ ওভার (টেওয়াটিয়া ৬৮, বাটলার ২৯, সুদর্শন ১৪; ডাফি ৩/৩৯, ক্রুনাল ২/১৬, সালাম ২/২৪, ভুবনেশ্বর ২/২৮)।
- ফল : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৯২ রানে জয়ী।
- ফল : রজত পাতিদার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















