বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে জয়ের রেকর্ড নেই ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার রাত ২টায় নিউইয়র্কে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও নরওয়ে। বিগ ম্যাচে কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও নরওয়েকে পিছিয়ে রাখার সুযোগ নেই।
দুই দলের অতীত পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল ও নরওয়ে এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে। সেখানে অবাক করার মতো তথ্য হলো, ব্রাজিল এখনও নরওয়ের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি। নরওয়ে জিতেছে ২টি, আর বাকি ৩টি ম্যাচ ড্র হয়েছে।
সর্বশেষ দেখা হয়েছিল ১৯৯৮ সালের বিশ্বকাপে, যেখানে নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছিল। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিল ছিল সি গ্রুপে। তিন ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠে সেলেসাওরা।
শেষ বত্রিশে তারা জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। অন্যদিকে নরওয়ে ছিল আই গ্রুপে। তারা গ্রুপ পর্বে ১ জয়, ১ ড্র ও ১ হারে ৪ পয়েন্ট সংগ্রহ করে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউটে জায়গা করে নেয়।
এরপর শেষ বত্রিশে শক্তিশালী আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠে আসে ইউরোপের দলটি। তবে ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্বকাপের অভিজ্ঞতায় ব্রাজিল স্পষ্টভাবে এগিয়ে। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, ব্রুনো গিমারাইসদের মতো তারকায় ভরপুর দলটি আক্রমণ ও মাঝমাঠ-দুই বিভাগেই শক্তিশালী।
অন্যদিকে নরওয়ের সবচেয়ে বড় ভরসা গোলমেশিন আর্লিং হালান্ড এবং অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তাদের দ্রুতগতির পাল্টা আক্রমণ ব্রাজিলের জন্য বড় হুমকি হতে পারে। পরিসংখ্যান ব্রাজিলের বিপক্ষে গেলেও বর্তমান ফর্মে দক্ষিণ আমেরিকার দলটিকেই ফেবারিট ধরা হচ্ছে।
তবে বিশ্বকাপের নকআউট পর্বে অতীত রেকর্ডের চেয়ে দিনের পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ।
তাই নিউইয়র্কে জমে ওঠার অপেক্ষায় ব্রাজিল-নরওয়ের হাইভোল্টেজ লড়াই, যেখানে একটিমাত্র ভুলই শেষ করে দিতে পারে শিরোপা জয়ের স্বপ্ন।
সম্ভাব্য একাদশ ব্রাজিল (৪-৩-৩):
অ্যালিসন; ড্যানিলো, মারকুইনিওস, গ্যাব্রিয়েল, আরানা; ব্রুনো গিমারাইস, জোয়াও গোমেস, পাকেতা; রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও।
সম্ভাব্য একাদশ নরওয়ে (৪-২-৩-১)
ওরিয়ান নিয়ল্যান্ড; রায়ারসন, আয়ের, ওস্টিগার্ড, উলফ; বার্গ, বার্গে; ওডেগার্ড, বব, নুসা; আর্লিং হালান্ড।
