ফিফা বিশ্বকাপ-২০২৬ রাউন্ড অব সিক্সটিন।
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচ আজ রাত ২টায় নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত হবে। একদিকে ৫বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা নরওয়ে, যার নেতৃত্বে রয়েছেন গোলমেশিন খ্যাত আর্লিং হালান্ড। কাগজে-কলমে ব্রাজিল ফেবারিট হলেও নরওয়েকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই। তাই আজকের ম্যাচ ঘিরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আজ কি তবে শক্তির লড়াই নাকি কৌশলের যুদ্ধ?
ব্রাজিলের শক্তি: ভিনিসিয়ুস জুনিয়রের গতি ও ড্রিবলিং, মাঝ মাঠে বলের দখল ধরে রেখে আক্রমণ গড়ে তোলার ক্ষমতা। ফুল-ব্যাকদের ওভারল্যাপ থেকে উইং আক্রমণ করার ক্ষমতা থাকলেও কিছু দুর্বলতা রয়েছে যেমন-ট্রানজিশনে মাঝে মাঝে ডিফেন্সিভ স্পেস তৈরি হয় যার সুযোগ নিতে পারে নরওয়ে।
নরওয়ের শক্তি: হালান্ডের ফিনিশিং এবং বক্সের ভেতরে পজিশন নেওয়া নরওয়ের অন্যতম শক্তির জায়গা এছাড়া দ্রুত কাউন্টার অ্যাটাক করার ক্ষমতা ও সেট-পিসে পারদর্শিতা তাদের অন্যতম ভরসা। এতকিছু শক্তির মাঝেও কিছু দুর্বলতা রয়েছে হালান্ড দলের যেমন-দীর্ঘ সময় বলের দখল ধরে রাখতে না পারা, ডিফেন্স লাইনের পেছনে স্পেস বের হয়ে যায় যা ভিনিসিয়ুসদের গতির বিপক্ষে সমস্যায় পড়তে পারে।
ট্যাকটিক্যাল ব্যাটল:
১. ভিনিসিয়ুস বনাম নরওয়ের রাইট-ব্যাক ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র হবে বাম দিক। যদি ভিনিসিয়ুস নিয়মিত ১-ভি-১ পরিস্থিতি তৈরি করতে পারেন, তাহলে নরওয়ের ডিফেন্স চাপে পড়বে।
২. হালান্ড বনাম ব্রাজিলের সেন্টার-ব্যাক জুটি হালান্ডকে বল সরবরাহ বন্ধ করতে পারলে ব্রাজিলের কাজ অনেক সহজ হবে। কিন্তু ক্রস বা লং বল থেকে মাত্র একটি সুযোগ পেলেও হালান্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
৩. মিডফিল্ডের নিয়ন্ত্রণ ব্রাজিল চাইবে ৬০ শতাংশের বেশি বল দখলে রাখতে। নরওয়ে বরং মিড-ব্লক থেকে বল কেড়ে দ্রুত আক্রমণে যেতে চাইবে। ব্রাজিল শুরু থেকেই বলের দখল নিয়ে খেলতে চাইবে অপরদিকে নরওয়ে নিচু ব্লকে রক্ষণ সাজিয়ে কাউন্টার অ্যাটাকের অপেক্ষায় থাকবে।
তবে এত সব হিসেব নিকেশ ছাপিয়ে ম্যাচের প্রথম গোলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ব্রাজিল গোল করে আগে এগিয়ে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যেতে পারে। কিন্তু নরওয়ে আগে গোল করলে ব্রাজিলের ঝুঁকি বেড়ে যাবে আর তখনই আর্লিং হালান্ডের জন্য কাউন্টার আক্রমণের সুযোগ বাড়বে। সব মিলিয়ে বলা যায় ম্যাচে ব্রাজিলের হয়ে নজরে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র আবার ফ্রেশ লেগ হিসেবে নেইমার ও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। নেইমার ফিট বলে কোচ কার্লো আনচেলত্তি বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে নরওয়ের আর্লিং হালান্ড ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের দিকেও নজর রাখতে হবে। আজকের ম্যাচে আরো একটি বিষয় আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকবে আর তা হল রাউন্ড অব সিক্সটিনে আজ কি ইউরোপময় নাকি সাম্বার ছন্দে হাসবে ফুটবল বিশ্বকাপ? তা যেন এখন শুধুই অপেক্ষার পালা বাংলাদেশ সময় আজ রবিবার দিবাগত রাত ২টায় সেই ফুটবল মহারণ দেখার অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।
দু-দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে নরওয়ে
ব্রাজিল ও নরওয়ে জাতীয় ফুটবল দল এখন পর্যন্ত ৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে যার মধ্যে নরওয়ে ২টিতে জয় লাভ করেছে আর ২টি ম্যাচ ড্র হয়েছে মজার ব্যাপার হল নরওয়ের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের কোন জয়ই নেই।
ফলাফল
- ১৯৮৮ (প্রীতি ম্যাচ): নরওয়ে ১–১ ব্রাজিল
- ১৯৯৭ (প্রীতি ম্যাচ): নরওয়ে ৪–২ ব্রাজিল
- ১৯৯৮ (বিশ্বকাপ গ্রুপ পর্ব): নরওয়ে ২-১ ব্রাজিল
- ২০০৬ (প্রীতি ম্যাচ): নরওয়ে ১–১ ব্রাজিল
