শক্তিশালী স্পেনের মুখোমুখি কেপ ভার্দে । ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আজ গ্রুপ ‘এইচ’-এর অন্যতম আলোচিত ম্যাচে মুখোমুখি হচ্ছে স্পেন ও কেপ ভার্দে। একদিকে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্টের অন্যতম শিরোপা প্রত্যাশী স্পেন, অন্যদিকে নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামছে আফ্রিকার দেশ কেপ ভার্দে।
লুইস দে লা ফুয়েন্তের অধীনে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। বল দখলে আধিপত্য, দ্রুত ছোট ছোট পাস এবং আক্রমণে বৈচিত্র্যময় ফুটবল তাদের অন্যতম বড় শক্তি। তাই কাগজে-কলমে এই ম্যাচে পরিষ্কারভাবে এগিয়ে আছে লা রোহারাই।
তবে ম্যাচের আগে স্প্যানিশ কোচ ইঙ্গিত দিয়েছেন, তরুণ দুই তারকা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে শুরুতে বেঞ্চে রাখা হতে পারে। পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে তাদের নামানোর পরিকল্পনা থাকতে পারে। মাঝমাঠে স্বাভাবিকভাবেই বড় দায়িত্ব থাকবে পেদ্রির কাঁধে, যিনি পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
অন্যদিকে কেপ ভার্দের জন্য এটি শুধুই একটি ম্যাচ নয়, বরং ইতিহাসের অংশ হয়ে ওঠার মুহূর্ত। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ওঠা আফ্রিকার ছোট এই দ্বীপরাষ্ট্র নিজেদের সামর্থ্য প্রমাণে মুখিয়ে আছে।
কোচ বুবিস্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার দল কেবল অংশ গ্রহণ করতেই আসেনি। তাদের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতা করা এবং বিশ্বমঞ্চে নিজেদের ফুটবল সংস্কৃতি ও লড়াকু মানসিকতা তুলে ধরা।
গ্রুপ ‘এইচ’-এ স্পেনের সঙ্গে রয়েছে উরুগুয়ে, সৌদি আরব এবং কেপ ভার্দে। তাই নকআউট পর্বের পথে শক্ত অবস্থান নিতে প্রথম ম্যাচ থেকেই জয় চাইবে স্প্যানিশরা। অন্যদিকে কেপ ভার্দে জানে, স্পেনের মতো দলের বিপক্ষে একটি ড্রও তাদের ফুটবল ইতিহাসের অন্যতম বড় অর্জন হয়ে থাকবে।
স্পেন শিবিরে নজর থাকবে পেদ্রি, ফেরান তোরেস ও মিকেল ওইয়ারসাবালের দিকে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বদলি হিসেবে নামতে পারেন লামিন ইয়ামালও। কেপ ভার্দের হয়ে আলোচনায় থাকবেন লিভরামেন্তো, রবার্তো ‘পিকো’ লোপেস এবং তাদের অভিজ্ঞ রক্ষণভাগ।
স্পেনের সামনে সতর্কতার বার্তা
ম্যাচের চিত্র অনুমান করা কঠিন নয়। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে কেপ ভার্দের রক্ষণে চাপ তৈরি করবে স্পেন। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে চাপ সবসময় আলাদা, আর এবারের টুর্নামেন্টের শুরুতেই কয়েকটি অপ্রত্যাশিত ফলাফল দেখিয়েছে যে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
কেপ ভার্দে যদি শৃঙ্খলাবদ্ধ ডিফেন্স বজায় রেখে দ্রুত পাল্টা আক্রমণ কাজে লাগাতে পারে, তাহলে ম্যাচটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















