দিল্লি ক্যাপিটালসকে আট উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় চেন্নাইয়ের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মঙ্গলবার রাতে দিল্লিতে এই গুরুত্বপূর্ণ জয় পায় তারা। প্রাথমিক রাউন্ডের শেষ পর্যায়ে এখন শেষ চারে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস ছয় নম্বরে থাকলেও সেই লড়াইয়ে ভালোভাবেই আছে।
টানা দ্বিতীয় জয় চেন্নাইয়ের অবস্থান ভালো করলেও দিল্লিকে কিছুটা সমস্যায় ফেলেছে। তারা সমান ১০ ম্যাচে মাত্র আট পয়েন্ট নিয়ে এখন সাত নম্বরে। যদিও পরের কয়েকটি ম্যাচে অনেক হিসেব-নিকেশ থাকবে এবং এখনও প্লে-অফ খেলার সুযোগ রয়েছে তাদের। তবে এই মুহূর্তে একেকটি হার মানেই পিছিয়ে পড়া।
ঘরের মাঠে টস জিতে এদিন আগে ব্যাটিংয়ে নেমে তেমন সুবিধা করতে পারেনি দিল্লি। মাত্র ৬৯ রানেই পাঁচটি উইকেট হারিয়ে বসে তারা। পাথুম নিশঙ্কা ১৫ বলে ১৯, লোকেশ রাহুল ১৩ বরে ১২, নীতিশ রানা ১৩ বলে ১৫, করুণ নায়ার ১৩ বলে ১৩ ও অক্ষর প্যাটেল ছয় বলে ২ রানে সাজঘরে ফেরেন।
ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়েন ত্রিস্তান স্টাবস ও সামির রিজভী। তারা ৬৫ রানের জুটি গড়ে পরিস্থিতির উন্নতি ঘটালেও রানের গতি সেভাবে বাড়াতে পারেননি। স্টাবস ৩১ বলে ১টি চার, ২টি ছয়ে ৩৮ রান করে আউট হয়ে যান।
টানা দ্বিতীয় জয় চেন্নাইয়ের, দিল্লির আরেকটি হার
রিজভী শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৪ বলে চারটি ছক্কায় ৪০ রান করেন। আর আশুতোষ শর্মা পাঁচ বলে দুই ছক্কায় ১৪ রান করলে ২০ ওভারে সাত উইকেটে ১৫৫ রান করতে পেরেছে দিল্লি। আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ তিন ওভারে ২২ রান দিয়ে দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন চারজন বোলার যার মধ্যে আকিল হোসেন চার ওভারে মাত্র ১৯ রান দিয়েছেন।
জবাব দিতে নেমে ৪৫ রানে দুই উইকেট হারালেও চেন্নাইকে সঠিক পথে রাখেন ওপেনার সঞ্জু স্যামসন। তিনি দিল্লির বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন থেকে কার্তিক শর্মার সঙ্গে ১১৪ রান যোগ করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।
১৭.৩ ওভারে দুই উইকেটে ১৫৯ রান করে বড় জয় ছিনিয়ে নেয় চেন্নাই। স্যামসন ৫২ বলে ৭টি চার ও ৬টি ছক্কায় ৮৭ রানে ও কার্তিক ৩১ বলে ৪টি চার, ২টি ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর
দিল্লি- ১৫৫/৭; ২০ ওভার (রিজভী ৪০*, স্টাবস ৩৮, নিশঙ্কা ১৯; নূর ২/২২, ওভারটন ১/৫, আকিল ১/১৯)।
চেন্নাই- ১৫৯/২; ১৭.৩ ওভার (স্যামসন ৮৭*, কার্তিক ৪১*, উরভিল ১৭; অক্ষর ১/২৫, এনগিডি ১/৩০)।
ফল : চেন্নাই সুপার কিংস ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : সঞ্জু স্যামসন।
