স্যান্ডপেপার-কাণ্ডে কমিটি গঠন ক্রিকেট অস্ট্রেলিয়ার

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বহুল আলোচিত বল টেম্পারিং বা স্যান্ডপেপার-কাণ্ডের বিতর্ক নতুন করে সামনে এসেছে। সাবেক অস্ট্রেলীয় ওপেনার উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর বিষয়টি নিয়ে ক্রিকেট অঙ্গনে আবারও শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বক্তব্য শোনার জন্য স্বাধীন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দীর্ঘদিনের এই বিতর্কের ইতি টেনে অস্ট্রেলীয় ক্রিকেটকে নতুনভাবে এগিয়ে নেওয়াই উদ্যোগটির মূল লক্ষ্য।

খাজার আত্মজীবনী ‘সবর’-এ উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের বল বিকৃতির ঘটনা সম্পর্কে দলের সবাই অবগত ছিলেন। তবে ওই বছরের কেপটাউন টেস্টের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে শাস্তি পান কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। সম্প্রতি খাজার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন ওয়ার্নার ও সাবেক পেসার চ্যাড সিয়ার্স। অন্যদিকে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স আগের অবস্থানেই রয়েছেন। তাঁদের ভাষ্য, বলের আকৃতি পরিবর্তনে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে বোলারদের কোনো ধারণা ছিল না।

এদিকে ২০১৮ সালের তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়ার্নার। তাঁর অভিযোগ, ওই তদন্তে জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়নের বক্তব্য নেওয়া হয়নি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তদন্তপ্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, শুরু থেকেই নির্দিষ্ট কয়েকজনকে দায়ী করার সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বোলাররা কিছুই জানতেন না-এমন অবস্থান ধরে রাখার চেষ্টাকেও সম্ভাব্য ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন তিনি।


স্যান্ডপেপার কাণ্ডে অভিজ্ঞতা শুনবে অস্ট্রেলিয়া

বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে নতুন এই উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তাঁদের পরিকল্পনা অনুযায়ী, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে থাকা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা চাইলে স্বাধীন ও গোপনীয় পরিবেশে নিজেদের অভিজ্ঞতা এবং বক্তব্য তুলে ধরতে পারবেন। তবে গ্রিনবার্গ পরিষ্কার করেছেন, এটি আগের তদন্তের পুনরাবৃত্তি নয়। নতুন করে কাউকে অভিযুক্ত করা কিংবা শাস্তি দেওয়ার কোনো উদ্দেশ্যও নেই। পুরো প্রক্রিয়ায় অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছামূলক।

গ্রিনবার্গ আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে সংগৃহীত তথ্য গোপন রাখা হবে। তবে কোন তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আনুমানিক এক মাস সময় লাগতে পারে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, কেপটাউন কাণ্ডের পেছনে তৎকালীন অস্ট্রেলীয় দলের সংস্কৃতির প্রভাব ছিল এবং সেই সংস্কৃতি গড়ে ওঠার ক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়ারও দায় রয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন মনে করেন, দীর্ঘদিন ধরে অস্ট্রেলীয় ক্রিকেটকে তাড়া করে বেড়ানো এই বিতর্কের একটি মর্যাদাপূর্ণ সমাপ্তি হওয়া জরুরি। অতীতের ঘটনা নিয়ে নতুন করে দোষারোপের পরিবর্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি প্রকাশের সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যকার আস্থা ও সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং পুরোনো বিতর্ক পেছনে ফেলে অস্ট্রেলীয় ক্রিকেট সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।

spot_imgspot_img
spot_img

Related Articles