বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা পর্যায়ের কোচ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে ৬১টি পদের বিপরীতে প্রাথমিকভাবে পাস করেছেন মাত্র ৩৯ জন। এ অবস্থায় শূন্য পদ পূরণে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি।
বিসিবি সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের দুটি কোচিং পদের জন্য মোট ২১৮ জন আবেদন করেছিলেন। গত ২৩ জুলাই লিখিত এবং ২৪ জুলাই ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই ধাপের পরীক্ষায় অংশ নেওয়া ১৭০ জনের বেশি প্রার্থী অকৃতকার্য হন।
পরীক্ষার ফলাফলে দেখা যায়, প্রাথমিকভাবে লিখিত, মৌখিক ও ব্যবহারিক মূল্যায়ন শেষে মাত্র ৩৯ জনকে উত্তীর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে তাঁদের মধ্য থেকেও কয়েকজনের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা নির্ধারিত শর্ত অনুযায়ী রয়েছে কি না, তা যাচাই করছে বিসিবি। ফলে চূড়ান্ত নিয়োগ তালিকায় পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
যোগ্য প্রার্থীর ঘাটতি থাকায় জেলা পর্যায়ের কোচ নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে গতকাল রাতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
জেলা পর্যায়ে দক্ষ ও যোগ্য কোচ নিয়োগের মাধ্যমে তৃণমূল ক্রিকেটের মানোন্নয়নই এই নিয়োগ কার্যক্রমের মূল লক্ষ্য বলে জানিয়েছে বিসিবি। তবে সাম্প্রতিক পরীক্ষায় বিপুলসংখ্যক প্রার্থীর অনুত্তীর্ণ হওয়া মাঠপর্যায়ে প্রশিক্ষকদের দক্ষতা ও প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।


