নিজেদের প্রথম বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ছুটির আমেজেই আছেন আর্লিং হালান্ড। তবে মাঠের বাইরেও যে তিনি সমানভাবে নজর কাড়তে পারেন, সেটির আরেকটি উদাহরণ মিলল ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার বিয়ের অনুষ্ঠানে।
দীর্ঘদিনের সঙ্গী অ্যালেসিয়া এলেফান্তেকে ইতালির লোকোরোতন্দো শহরে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে করেন দোন্নারুমা। সেই আয়োজনে প্রেমিকা ইসাবেল হাউগসেং ইয়োহানসেনকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা হালান্ড। তবে অতিথি হিসেবেই সীমাবদ্ধ থাকেননি তিনি, নিজের স্বভাবসুলভ প্রাণচাঞ্চল্যে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণে পরিণত হন।
বিয়ের একপর্যায়ে ড্রামের তালে নরওয়ের বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনের সূচনা করেন হালান্ড। তার সঙ্গে তাল মিলিয়ে উপস্থিত অতিথিদের বড় একটি দল বসে বসেই একসঙ্গে নৌকা চালানোর ভঙ্গিতে উদযাপনে অংশ নেয়। এমনকি এক অতিথি উদযাপনের ধরন বুঝতে না পারলে হালান্ড নিজেই হেসে তাকে দেখিয়ে দেন কীভাবে এটি করতে হয়। মুহূর্তটি উপস্থিত অতিথিদের মধ্যে দারুণ উচ্ছ্বাসের সৃষ্টি করে।
বিশ্বকাপ চলাকালেও নরওয়ের সমর্থকদের মধ্যে ‘ভাইকিং রো’ উদযাপন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ম্যাচ শেষে অধিনায়ক মার্টিন ওডেগার্ড কিংবা হালান্ডের নেতৃত্বে পুরো দলকে এই উদযাপন করতে দেখা গেছে। সেই পরিচিত দৃশ্যই এবার ফুটবল মাঠের বাইরে, দোন্নারুমার বিয়ের আসরে নতুন করে প্রাণ ফিরে পায়।
দোন্নারুমার বিয়েতে ইতালি ও ইউরোপীয় ফুটবলের বেশ কয়েকজন পরিচিত মুখ উপস্থিত ছিলেন। অতিথি তালিকায় ছিলেন এসি মিলানের সাবেক অধিনায়ক ও ইতালি ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর পাওলো মালদিনি। এ ছাড়া ইতালির জাতীয় দলের মিডফিল্ডার সান্দ্রো টোনালি ও নিকোলো বারেল্লাসহ আরও কয়েকজন ফুটবলার অনুষ্ঠানে যোগ দেন।
এদিকে ম্যানচেস্টার সিটির হয়ে সফল মৌসুম কাটানোর পর নিজের প্রথম বিশ্বকাপও স্মরণীয় করে রেখেছেন হালান্ড। তার নেতৃত্বে প্রথমবারের মতো নরওয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। পুরো টুর্নামেন্টে ৭ গোল করেন তিনি, যার মধ্যে ব্রাজিলের বিপক্ষে ছিল জোড়া গোল। মৌসুম শুরুর আগে বর্তমানে ছুটির সময় উপভোগ করছেন হালান্ড। এখনও ম্যানচেস্টার সিটির প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেননি তিনি। কোচ এনজো মারেস্কার অধীনে নতুন মৌসুমের প্রস্তুতি নিচ্ছে ইংলিশ ক্লাবটি।


