সরাসরি বিশ্বকাপে খেলার আশা শেষ আয়ারল্যান্ডের

বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। আয়ারল্যান্ডের সেই আশা অবশ্য শেষ হয়ে গেছে প্রথম ম্যাচই মাঠে না গড়ানোর কারণে।

বুধবার উত্তর আয়ারল্যান্ডের ব্রেডিতে টানা বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। টসও অনুষ্ঠিত হতে পারেনি। এই পরিত্যক্ত ম্যাচের ফলেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার সমীকরণ থেকে ছিটকে গেছে আইরিশরা।

বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১২তম স্থানে থাকা আয়ারল্যান্ডের সামনে সরাসরি বিশ্বকাপে ওঠার ক্ষীণ সম্ভাবনা ছিল। সে জন্য আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৫-০ ব্যবধানে জিততে হতো তাদের। পাশাপাশি ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচ হারতে হতো। কিন্তু প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আফগানিস্তানকে আর ৫-০ ব্যবধানে হারানো সম্ভব নয়। ফলে সরাসরি বিশ্বকাপে খেলার পথ বন্ধ হয়ে গেছে আইরিশদের।

এখন ২০২৭ বিশ্বকাপে জায়গা পেতে আয়ারল্যান্ডকে খেলতে হবে ১০ দলের বাছাইপর্বে। সেখানকার চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা করে নেবে। আর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দল খেলবে বিশ্বকাপের প্রথম রাউন্ড বা সুপার সিরিজে। সেখান থেকে সেরা একটি দল গ্রুপ পর্বে ওঠার সুযোগ পাবে।

২০২৭ বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হওয়ায় র‌্যাঙ্কিং যাই হোক, সরাসরি মূল পর্বে খেলবে। তবে আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় নামিবিয়াকে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে বাছাইপর্বের বাধা পেরিয়ে।

আগামী ৩০ সেপ্টেম্বর আইসিসির নির্ধারিত কাট-অফ তারিখে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট পূর্ণ সদস্য দল সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। আয়ারল্যান্ডের বিদায়ে সেই লড়াইয়ে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের অবস্থান আরও শক্ত হয়েছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles