আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, শাস্তি পেলেন আজমতউল্লাহ ওমরজাই

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে তিরস্কার করেছে আইসিসি। আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট

শুক্রবার ব্রেডিতে আফগানিস্তানের ইনিংসের ৪১তম ওভারে আউট হওয়ার সিদ্ধান্ত দেন আম্পায়ার। কিন্তু সিদ্ধান্ত মেনে নিতে না পেরে দীর্ঘ সময় ক্রিজে অবস্থান করেন ওমরজাই। পাশাপাশি অঙ্গভঙ্গির মাধ্যমে আম্পায়ারের সিদ্ধান্তে নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এই আচরণকে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়েছে। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ বা প্রতিবাদ দেখানোকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

ঘটনাটির পর ওমরজাই নিজের অপরাধ স্বীকার করেন এবং ম্যাচ রেফারি প্যানেলের ডিন কসকারের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অন-ফিল্ড আম্পায়ার গ্যারেথ মরিসন ও রোলি ব্ল্যাক, তৃতীয় আম্পায়ার জনি কেনেডি এবং চতুর্থ আম্পায়ার জর্জ ব্রলি তার বিরুদ্ধে অভিযোগ আনেন।

গত ২৪ মাসে এটিই ওমরজাইয়ের প্রথম অপরাধ। তাই তার শাস্তি হিসেবে শুধু আনুষ্ঠানিক তিরস্কার এবং একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট।

কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। দুইটি সাসপেনশন পয়েন্ট হলে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষেধাজ্ঞা পেতে পারেন সংশ্লিষ্ট খেলোয়াড়। তবে ডিমেরিট পয়েন্ট ২৪ মাস পর খেলোয়াড়ের রেকর্ড থেকে মুছে যায়।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles