ডারউইন টেস্টে টাইগারদের বিপক্ষে ৯ উইকেটে লজ্জা হারের পর শাস্তির মুখে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ধীরগতির ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বড় অঙ্কের আর্থিক জরিমানা করতে পারে আইসিসি।
ডারউইন টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের কাছে হারে প্যাট কামিন্সের দল। এই ম্যাচের দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের চেয়ে ৪ ওভার কম বোলিং করেছে অস্ট্রেলিয়া। ২৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষ করে ১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রানে।
দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৮৬ ওভারের। সংবাদমাধ্যমটি জানিয়েছে, অস্ট্রেলিয়া টেস্ট দলের প্রত্যেক খেলোয়াড়কে ৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার করে জরিমানা গুনতে হতে পারে।
আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বল করতে হয়। সে হিসাবে সারা দিনে অন্তত ৯০ ওভার খেলতে হয়। নিয়ম ভঙ্গের কারণে সর্বনিম্ন ৯০ ওভারের কোটা থেকে প্রতি ওভার কম হওয়ার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়ার ক্ষমতা রয়েছে ক্রিকেটের এ নিয়ন্ত্রক সংস্থার।
অস্ট্রেলিয়ার প্রত্যেক খেলোয়াড় টেস্টের জন্য ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৭ লাখ ৩৯ হাজার টাকা) পারিশ্রমিক পান। এর ৫ শতাংশ হলো ১ হাজার ডলার (প্রায় ৮৭ হাজার টাকা)। যেহেতু অস্ট্রেলিয়া দল চার ওভার কম বোলিং করেছে, তাই জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে ৪ হাজার ডলার (প্রায় ৩ লাখ ৪৭ হাজার টাকা) পর্যন্ত। সব মিলিয়ে জরিমানার অঙ্কটা হতে পারে মোট ৪৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৮ লাখ ২৭ হাজার টাকা)।
অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা জরিমানার মুখে পড়বেন কি না, তা নির্ধারণের সময় ভেন্যুর তাপমাত্রা এবং উইকেট পতনের মতো বিষয়গুলো বিবেচনায় নিতে পারেন ডারউইন টেস্টের ম্যাচ রেফারি। ডারউইনে ভ্যাপসা গরম ও আর্দ্রতাই হয়তো তাঁদের এই শাস্তি থেকে বাঁচানোর একমাত্র ভরসা-খেলোয়াড়েরা এমনটাই আশা করছেন বলে জানিয়েছে নিউজ ডট কম এইউ।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, শুধু জরিমানা নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার ৪ পয়েন্টও কেটে নেওয়া হতে পারে। ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয় নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া।


