টানা তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। কেম্যান আইল্যান্ডসে অনুষ্ঠিত আমেরিকাস অঞ্চলের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দলটি।
চেতনা পাগদিয়ালার নেতৃত্বে বাছাইপর্বে ছয় ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় সেরা দল কানাডার চেয়ে তারা ছয় পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে আসর শেষ করে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কানাডাকে আট উইকেটে হারানোর পর শেষ ম্যাচেও একই প্রতিপক্ষকে পরাজিত করে যুক্তরাষ্ট্র। এছাড়া আর্জেন্টিনা ও আমেরিকা অঞ্চলের বিভিন্ন দেশের খেলোয়াড়দের নিয়ে গঠিত যৌথ দল নেক্সট জেন-এক্সআইকে দুইবার করে হারিয়েছে তারা।
বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের মাহেক দেশাই। ছয় ম্যাচে তার শিকার ১৬ উইকেট।
২০২৫ সালের সর্বশেষ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিল যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ায় অনুষ্ঠিত সেই আসরে সুপার সিক্স পর্বে উঠেছিল তারা। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় ভারত। এখন পর্যন্ত অনুষ্ঠিত দুটি আসরেই শিরোপা জিতেছে ভারত।
২০২৭ বিশ্বকাপের জন্য আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে জায়গা নিশ্চিত করেছে সামোয়া ও সংযুক্ত আরব আমিরাত। পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সামোয়া এবং এশিয়া অঞ্চল থেকে সংযুক্ত আরব আমিরাত মূল পর্বে উঠেছে। আফ্রিকা ও ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব পরে অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের অধিনায়ক চেতনা পাগদিয়ালা এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ। বাঁহাতি এই ব্যাটার ২০২৫ সালের বিশ্বকাপেও খেলেছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে ৩১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ও তিনটি ওয়ানডে ম্যাচ। ২০২৪ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন তিনি।
এ বছরের শুরুতে নেপালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছিলেন পাগদিয়ালা। তবে মূল বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি দলটি। এবার অবশ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা তৃতীয়বারের মতো খেলার সুযোগ নিশ্চিত করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে যুক্তরাষ্ট্রের মেয়েরা।


