সেপ্টেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ ২৮ আগস্টই বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। কিন্তু দুই দেশের মধ্যকার সাদা বলের সিরিজটি নির্ধারিত সময়ে হবে কি না, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। এর মধ্যেই ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী আগামী বছরের শুরুতে সিরিজটি আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরের সফর নিয়ে জটিলতা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বছরের শুরুর দিকে নতুন একটি সময় খুঁজছে। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি।
আগের পরিকল্পনা অনুযায়ী, ভারত বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও হওয়ার কথা ছিল ম্যাচগুলো। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি এই সূচির কথা জানিয়েছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
ভারত সিরিজের সম্ভাব্য সময় পরিবর্তন নিয়ে সম্প্রতি কথা বলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবালও। তার ভাষ্য, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং আলোচনার ভিত্তিতে সূচির তারিখে পরিবর্তন আসতে পারে।
এর আগে, ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। কিন্তু নিরাপত্তাসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে সিরিজ আয়োজন নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও সাম্প্রতিক সময়ে কিছুটা টানাপোড়েন দেখা গেছে। ২০২২ সালের পর আর বাংলাদেশ সফরে আসেনি ভারত। রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের প্রভাব ক্রিকেটেও পড়ে। ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। এছাড়া আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স, কেকেআর, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনাও দুই দেশের ক্রিকেট মহলে আলোচনার জন্ম দেয়।
তবে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বরে ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজনের আলোচনা এগোয়। এখন সেই সিরিজই নতুন করে জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা দেখা দিয়েছে।
সবকিছু ঠিকঠাক এগোলে আগামী বছরের শুরুতেই বাংলাদেশ-ভারত সিরিজ মাঠে গড়াতে পারে। তবে সিরিজের চূড়ান্ত তারিখ ও সূচি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার অপেক্ষায় থাকতে হবে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের।


