ডোয়াইন ব্রাভোর ৪৭ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল ত্রিনবাগো নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে এই প্রথম কোনো ক্রিকেটারের জার্সি অবসরে পাঠানো হচ্ছে। বর্তমানে দলটির প্রধান কোচের দায়িত্বেও আছেন ব্রাভো।
এক বিবৃতিতে ত্রিনবাগো নাইট রাইডার্স জানিয়েছে, দলের হয়ে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ব্রাভোর আইকনিক ৪৭ নম্বর জার্সি অবসরে পাঠানো হবে। একই সঙ্গে সিপিএল ও ত্রিনিদাদ ও টোবাগোর ক্রিকেটে তাঁর অবদানকেও সম্মান জানানো হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে।
শুধু ত্রিনবাগো নাইট রাইডার্সের ইতিহাসেই নয়, সিপিএলের ইতিহাসেও প্রথমবার কোনো খেলোয়াড়ের জার্সি নম্বর তুলে রাখা হচ্ছে। সিপিএলের সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন ব্রাভো। খেলোয়াড় হিসেবে পাঁচবার শিরোপা জেতার পর কোচ হিসেবেও একটি শিরোপা জিতেছেন তিনি।
নাইট রাইডার্স গ্রুপের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর ব্রাভোর প্রশংসা করে বলেন, ‘নাইট রাইডার্স ও সিপিএলে ডোয়াইন ব্রাভোর অবদান পরিমাপ করা অসম্ভব। ৪৭ নম্বর জার্সি অবসরে পাঠানোর মাধ্যমে তাঁর উত্তরাধিকারকে চিরকাল এই ফ্র্যাঞ্চাইজির অংশ করে রাখতে চাই আমরা। সিপিএলের ইতিহাসে এই সম্মান পাওয়ার জন্য ব্রাভোর চেয়ে যোগ্য আর কেউ হতে পারে না।’
ত্রিনবাগো নাইট রাইডার্স জানিয়েছে, এখন থেকে ৪৭ নম্বর জার্সি দলটির হয়ে ব্রাভোর অসাধারণ যাত্রার স্থায়ী প্রতীক হয়ে থাকবে। চ্যাম্পিয়ন খেলোয়াড় থেকে চ্যাম্পিয়ন কোচ-দুই ভূমিকায় তাঁর সাফল্য এবং ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে তাঁর অবদানের স্মারক হিসেবেই জার্সিটি সংরক্ষিত থাকবে।


