ট্রিপল সেঞ্চুরির ইতিহাস গড়লেন হৃদয়

তাওহিদ হৃদয়ের ব্যাটে লেখা হলো বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের নতুন ইতিহাস। দেশের বাইরে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের চতুর্থ দিনে অসাধারণ এই কীর্তি গড়েন তিনি।

দিনের খেলা শুরু করেছিলেন ২০৪ রানে। একের পর এক সতীর্থ ফিরলেও এক প্রান্ত আগলে রেখে এগিয়ে যান হৃদয়। নাঈম হাসান ১৬ ও হাসান মুরাদ ১১ রানে আউট হওয়ার পর রেজাউর রহমানকে নিয়ে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। ধীরে ধীরে নিজের আগের সেরা ২১৭ রান ছাড়িয়ে যান হৃদয়।

৩৮১ বলে ২৫০ রান পূর্ণ করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি। লাঞ্চে যান ২৭৪ রানে। এরপর দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল তৃতীয় নতুন বল নিলেও হৃদয়কে থামাতে পারেনি। ২৯৪ রানে একবার কট বিহাইন্ডের জোরালো আবেদন থেকে বেঁচে যান তিনি। রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে নয়, পিচে লেগেছিল।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পেসার ম্যাথু বোস্টের বল মিড-অনে ঠেলে দ্রুত দুটি রান নিয়ে ৪৫০ বলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। মাইলফলক ছোঁয়ার পরপরই দুটি বিশাল ছক্কা মেরে নিজের উদযাপনটাও স্মরণীয় করে রাখেন তিনি।

চা-বিরতিতে হৃদয় অপরাজিত ছিলেন ৪৭০ বলে ৩৩৩ রানে। ট্রিপল সেঞ্চুরি পূরণের পর মাত্র ২০ বলে করেছেন ৩৩ রান। তাঁর ইনিংসে ছিল একাধিক বাউন্ডারি ও ছক্কার মার। অন্য প্রান্তে রেজাউর রহমান অপরাজিত ছিলেন ৩১ রানে।

এর আগে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল তামিম ইকবালের। ২০২০ সালে মিরপুরে বিসিএলের ম্যাচে অপরাজিত ৩৩৪ রান করেছিলেন তিনি। ২০০৭ সালে রকিবুল হাসানের ৩১৩ রানের ইনিংস ছিল তার আগের সেরা।

দেশের বাইরে বাংলাদেশের সর্বোচ্চ প্রথম শ্রেণির ইনিংসের রেকর্ডও এতদিন ছিল ২০০৩ সালে শাহরিয়ার হোসেনের করা ২১৮ রান। হৃদয়ের ৩৩৩ রানের ইনিংস সেই রেকর্ডও বহু দূরে ঠেলে দিয়েছে।

দ্বিতীয় দিনে একপর্যায়ে ৪ উইকেটে ১৩৫ রানে চাপে থাকা বাংলাদেশ ‘এ’ দলকে সেখান থেকে ঘুরে দাঁড় করিয়েছেন হৃদয়। তাঁর অবিশ্বাস্য ইনিংসেই এখন ম্যাচে বড় লিডের পথে বাংলাদেশ ‘এ’ দল।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles