প্রথম শ্রেণির ক্রিকেটে আট দিনের ব্যবধানে দুটি হ্যাটট্রিক। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরই ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেলেন হেনরি ক্রকোম্ব। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে ২৪ বছর বয়সী এই পেসারকে।
সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ক্রকোম্ব। গত ২৭ আগস্ট সমারসেটের প্রথম ইনিংসের শেষ তিন বলে টানা তিন উইকেট নেন তিনি। এর আট দিন পর বৃহস্পতিবার এসেক্সের প্রথম ইনিংসেও হ্যাটট্রিক করেন এই পেসার।
এর আগে গত জুনে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছিলেন ক্রকোম্ব। সতীর্থ অলি রবিনসনের চোটের কারণে দলে সুযোগ পেলেও সেই ম্যাচে খেলার সুযোগ হয়নি তাঁর। এবার প্রথমবারের মতো ইংল্যান্ডের ওয়ানডে দলে জায়গা পেলেন তিনি।
লাল বলের ক্রিকেটে ক্রকোম্বের পারফরম্যান্স বেশ উজ্জ্বল হলেও সাদা বলের ক্রিকেটে এখনো তেমন ধারাবাহিক নন তিনি। ৩৬টি লিস্ট ‘এ’ ম্যাচে তাঁর উইকেট ৪৯টি। ৩৫টি টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩৪ উইকেট।
তবে সাসেক্সের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সের পাশাপাশি পুরো গ্রীষ্মেই ক্রকোম্বের ওপর নজর ছিল ইংল্যান্ডের নির্বাচকদের। নির্বাচক মার্কাস নর্থ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এই পেসারকে পর্যবেক্ষণে রেখেছিলেন তাঁরা।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ইংল্যান্ড। সেই দলে নতুন মুখ অ্যানাইরিন ডোনাল্ড। প্রায় দুই দশক পর গ্ল্যামরগনের কোনো খেলোয়াড়ের ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে তাঁর সামনে।
২৯ বছর বয়সী ডোনাল্ড এখন পর্যন্ত ৫০টি লিস্ট ‘এ’ ম্যাচে ২৩.২৫ গড়ে করেছেন ১ হাজার ২৩ রান। টি-টোয়েন্টিতে ১১১ ম্যাচে ২৩.৯৯ গড়ে তাঁর রান ২ হাজার ৪২৩। স্ট্রাইক রেট ১৭০.৯৯, ফিফটি আছে ১৮টি।
ডান পায়ের ঊরুর চোটের কারণে টি-টোয়েন্টি দলে নেই ফিল সল্ট। তাঁর জায়গাতেই দলে এসেছেন ডোনাল্ড। অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুতে হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় কোনো সিরিজেই খেলতে পারবেন না জ্যাকব বেথেল।
শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি হবে ১৫, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর।
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, লিয়াম ডসন, অ্যানাইরিন ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, জশ টাং।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জস বাটলার, জর্ডান কক্স, হেনরি ক্রকোম্ব, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট, জশ টাং।


