১১৪ রান করেও ম্যাচের একটা সময় পর্যন্ত জয়ের পথেই ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে নিয়ে চাপও তৈরি করেছিল তারা। কিন্তু শেষ দিকে একটি ক্যাচ মিসের পর বদলে যায় ম্যাচের চিত্র। শেষ পর্যন্ত নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১৪ রান করেছিল বাংলাদেশ। রানটা বড় না হলেও বোলিংয়ে শুরুটা ভালো করেছিল তারা। একপর্যায়ে ৪৪ রানে শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ।
তবে শেষ দিকে সেই নিয়ন্ত্রণ আর ধরে রাখতে পারেনি তারা। ১৮তম ওভারে ডিপ মিডউইকেটে একটি ক্যাচের সুযোগ হাতছাড়া হয়। ম্যাচ শেষে ওই ক্যাচ মিসকেই বড় আক্ষেপ হিসেবে দেখেছেন বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি।
সোবহানা বলেন, ‘১৮তম ওভার পর্যন্ত ম্যাচটা আমাদের হাতেই ছিল। ওই ওভারে ডিপ মিডউইকেটে একটা ক্যাচ মিস করেছি। ক্যাচটা নিতে পারলে হয়তো ম্যাচটাও আমরা জিততে পারতাম।’
তবে শুধু ফিল্ডিং নয়, ব্যাটিংয়েও ঘাটতি ছিল বলে মনে করেন সোবহানা। ১১৪ রানকে যথেষ্ট মনে হয়নি তাঁর। বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত ১৪০ রান।
সোবহানা বলেন, ‘এই রানটা যথেষ্ট ছিল না, কারণ আমাদের লক্ষ্য ছিল ১৪০-এর বেশি। মাঝের ওভারগুলোতে আমরা একটু ধীর হয়ে গিয়েছিলাম, আর শেষ তিন-চার ওভারও ঠিকভাবে কাজে লাগাতে পারিনি।’
অর্থাৎ ব্যাটিংয়ে প্রত্যাশার চেয়ে ২০-২৫ রান কম করা এবং গুরুত্বপূর্ণ সময়ে একটি ক্যাচ মিস—দুই ভুলেই ম্যাচটি হাতছাড়া হয়েছে বাংলাদেশের।
এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। গ্রুপ-বি থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে ওঠার লড়াই এখন বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। ৮ সেপ্টেম্বরের ম্যাচটি তাই বাংলাদেশের জন্য হয়ে উঠেছে নকআউটের মতোই গুরুত্বপূর্ণ। জিতলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে।
শেষ ম্যাচের আগে তাই ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সোবহানার কণ্ঠে। তিনি বলেন, ‘এখন আমাদের পুরো মনোযোগ শেষ ম্যাচে-এই ম্যাচটা জিততে হবে, তাহলেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হবে।’


