সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা। যদিও ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কৃতিত্ব দিয়েছেন দলের বোলার এবং দুই ওপেনারকে। পাশাপাশি জিম্বাবুয়ের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগানোর কথাও জানিয়েছেন তিনি।
পুরো সিরিজে পেসারদের পারফরম্যান্সের প্রশংসা করে মিরাজ বলেন, ‘ছেলেরা শুরু থেকেই অনেক ভালো খেলেছে। তাসকিন, শরিফুল দারুণ বল করেছে এবং দায়িত্ব নিয়েছে। আমি সবাইকে বলেছিলাম, আগের দুই ম্যাচে যা হয়েছে তা চলে গেছে। শেষ ম্যাচে জিততে পারলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’
হারারের উইকেট নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘উইকেটটা বেশ চ্যালেঞ্জিং ছিল, তবে বোলারদের জন্য কিছু সুবিধা ছিল। সে কারণেই তিন ম্যাচেই আমরা আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পেসাররা পুরো সিরিজেই খুব ভালো করেছে। নাহিদ রানা, তাসকিন ও শরিফুল দুর্দান্ত বোলিং করেছে।’
২০০ রানের লক্ষ্য তাড়ায় সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের ১৫১ রানের উদ্বোধনী জুটি ম্যাচের ভিত্তি গড়ে দেয়। এই জুটির প্রশংসা করে মিরাজ বলেন, ‘সৌম্য এবং তানজিদ অসাধারণ ব্যাট করেছে। প্রথম ১০ ওভারে উইকেট না দেওয়ার পরিকল্পনা ছিল আমাদের। তারা সেটা দারুণভাবে বাস্তবায়ন করেছে। এমন ইনিংস দলের আত্মবিশ্বাস বাড়াবে।’
জিম্বাবুয়ের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন টাইগার অধিনায়ক। মিরাজ বলেন, ‘অনেক দিন পর নতুন কন্ডিশন ও নতুন ভেন্যুতে খেলার সুযোগ হয়েছে। এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর চেষ্টা করব।’


