রোনালদোকে ছাড়াই আল নাসরের অবিশ্বাস্য জয়

ম্যাচের ১৩ মিনিটেই গোলরক্ষক লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আল নাসর পিছিয়ে পড়ে দুই গোলে। এমন পরিস্থিতিতে দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদোকেও তুলে নেন কোচ আঙ্গে পোস্টেকোগলু। মনে হচ্ছিল, আল নাসরের জন্য রাতটি হয়তো হতাশারই হতে যাচ্ছে। কিন্তু ১০ জনের দলটি লিখল দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প।

সৌদি প্রো লিগে মঙ্গলবার রাতে আল ইত্তিফাকের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জিতে নেয় আল নাসর। দলের এই নাটকীয় জয়ের নায়ক সাদিও মানে। ব্যবধান কমানোর পাশাপাশি ম্যাচের ৯০তম মিনিটে জয়সূচক গোলও করেন সাবেক লিভারপুল তারকা।

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় আল নাসর। ১৩ মিনিটে গোলরক্ষক বেন্টো লাল কার্ড দেখলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে। সেই সুযোগে আল ইত্তিফাক প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়।

বিরতির পর কৌশলে বড় পরিবর্তন আনেন পোস্টেকোগলু। ৪১ বছর বয়সী রোনালদোকে মাঠ থেকে তুলে নিয়ে সৌদি মিডফিল্ডার আবদুল্লাহ আল-খাইবারিকে নামান তিনি। দ্বিতীয়ার্ধে দলের প্রয়োজন ছিল ভিন্ন ধরনের পরিকল্পনা এবং সংখ্যায় একজন কম থাকা দলের ভারসাম্য ফেরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোচের সেই সিদ্ধান্তের পরই বদলে যায় ম্যাচের চিত্র। ম্যাচ শেষ হওয়ার ১৬ মিনিট আগে গোল করে ব্যবধান কমান মানে। এরপর জোয়াও ফেলিক্সের সহায়তায় গোল করে সমতা ফেরান আবদেলেলাহ আল-আমরি। আর ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন ৯০তম মিনিটে আবারও আঘাত করেন মানে। তার গোলেই অবিশ্বাস্যভাবে জয় নিশ্চিত করে আল নাসর।

সাইড বেঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো

ম্যাচ শেষে রোনালদোকে বিরতিতে তুলে নেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে পোস্টেকোগলু বলেন, রোনালদো সাম্প্রতিক সময়ে খুব বেশি ফুটবল খেলেননি। ১০ জন নিয়ে খেলার পরিস্থিতিতে দ্বিতীয়ার্ধে ভিন্ন কৌশলের প্রয়োজন ছিল। তবে ম্যাচের আসল গল্প হিসেবে তিনি তুলে ধরেছেন দলের লড়াকু মানসিকতাকে। পোস্টেকোগলুর ভাষায়, ১০ জনের আল নাসর যা করেছে, সেটিই আলোচনার মূল বিষয় হওয়া উচিত।

তিনি বলেন, দলের খেলোয়াড়রা শুধু মানসম্পন্ন নন, তারা লড়াকুও। কঠিন পরিস্থিতি মেনে না নেওয়ার সিদ্ধান্তই তাদের চরিত্রের পরিচয় দিয়েছে।পর্তুগালের হয়ে বিশ্বকাপ খেলে ক্যারিয়ারের ২৫তম মৌসুমে আল নাসরে ফিরেছেন রোনালদো। গত শুক্রবার আল রিয়াদের বিপক্ষে গোল করে ক্যারিয়ারে ৯৭৭ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তার হাজারতম গোলের স্বপ্নেও কিছুটা ধাক্কা খেলো।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles