ঘরোয়া ক্রিকেটের তিন সংস্করণকে একই কাঠামোর আওতায় আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন উদ্যোগ ডমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফি। এই টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণকে সামনে রেখে আজ রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। সকাল ১১টায় শুরু হতে যাওয়া এই নিলামে পাঁচটি ক্যাটাগরিতে থাকছেন ২৭০ জন ক্রিকেটার। ব্যতিক্রমী এই নিলামে অর্থের পরিবর্তে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যবহার করা হবে নির্ধারিত পয়েন্ট।
আগামী ১৫ ডিসেম্বর বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে অ্যাকমি ও ফরচুনের ম্যাচ দিয়ে শুরু হবে ডি থ্রি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আসর শুরুর দেড় মাসেরও বেশি সময় আগে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। একই ভেন্যুতে আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
ছয় দলের অংশ গ্রহণে এবারের প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে মোট ১৯টি ম্যাচ। এর মধ্যে দেশের প্রধান ক্রিকেট ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সাতটি ম্যাচ। প্লে-অফের চারটিসহ বাকি ১২ ম্যাচ আয়োজন করবে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়াম।
মোট ১২ দিনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। এর মধ্যে সাত দিন থাকছে দুটি করে ম্যাচ। এসব দিনে খেলা শুরু হবে বেলা ১১টা ও দুপুর ২টা ৪৫ মিনিটে। তবে প্লে-অফের প্রথম দিনের সূচিতে থাকছে ভিন্নতা। বরিশালে এলিমিনেটর শুরু হবে বেলা ১১টায়, আর প্রথম কোয়ালিফায়ার মাঠে গড়াবে বিকেল ৩টা ৩০ মিনিটে।
রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ১৫ ম্যাচের এই পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে প্লে-অফে। এরপর এলিমিনেটর ও দুটি কোয়ালিফায়ারের লড়াই পেরিয়ে ফাইনালে মুখোমুখি হবে শিরোপার দাবিদার দুই দল।
এরই মধ্যে লটারির মাধ্যমে ছয় দল নিজেদের আইকন ক্রিকেটার নির্বাচন করেছে। ব্লু স্টারের আইকন নুরুল হাসান সোহান, ওয়ালটনের মেহেদী হাসান মিরাজ, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, অ্যাকমির মোসাদ্দেক হোসেন, ফরচুনের তাওহিদ হৃদয় এবং সিটিজেন ব্যাংকের মোহাম্মদ নাঈম শেখ।
শুধু আইকন ক্রিকেটার নির্বাচনেই সীমাবদ্ধ থাকেনি দল গঠনের প্রক্রিয়া। প্রথমবারের মতো ‘ম্যানেজমেন্ট ড্রাফট’-এর মাধ্যমে প্রধান কোচ, সহকারী কোচসহ টিম ম্যানেজমেন্টও চূড়ান্ত করেছে দল গুলো। এবার নিলামের মাধ্যমে ২৩ সদস্যের স্কোয়াড পূর্ণ করার সুযোগ পাবে প্রতিটি দল।
টি-টোয়েন্টি টুর্নামেন্টে পয়েন্টে হবে ক্রিকেটারদের নিলাম
ডি থ্রি ট্রফির নিলামে থাকছে না প্রচলিত অর্থের প্রতিযোগিতা। ঘরোয়া ক্রিকেটের প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি সংস্করণে ম্যাচ ফি আগে থেকেই নির্ধারিত থাকায় এই টুর্নামেন্টের জন্য ক্রিকেটাররা বাড়তি পারিশ্রমিক পাবেন না। সে কারণে অর্থের ভিত্তিতে ক্রিকেটার কেনার পরিবর্তে পয়েন্টের মাধ্যমে দল সাজানোর ব্যবস্থা করেছে বিসিবি। পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা ক্রিকেটারদের জন্য নির্ধারিত থাকবে আলাদা পয়েন্ট। পাশাপাশি প্রতিটি দলকে স্কোয়াড গঠনের জন্য বেঁধে দেওয়া হবে নির্দিষ্ট পয়েন্টসীমা। সেই সীমার মধ্যেই নিলামে প্রতিদ্বন্দ্বিতা করে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে হবে দলগুলোকে।
বিপিএলের নিলাম নিয়ে অতীতে অসামঞ্জস্য ও প্রাণহীনতার অভিযোগ উঠেছে একাধিকবার। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ডি থ্রি ট্রফির নিলাম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের বিখ্যাত ধারাভাষ্যকার ও অনুষ্ঠান সঞ্চালক চারু শার্মাকে। নতুন এই পদ্ধতিতে নিলাম কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।




