দেম্বেলের জাদুকরী হ্যাটট্রিক – নরওয়েকে গুঁড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স

দেম্বেলের জাদুকরী হ্যাটট্রিক - নরওয়েকে গুঁড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স

প্রথম গোল করার পর সতীর্থদের সাথে উদযাপন করছেন ফ্রান্সের ওসমানে ডেম্বেলে

দিনপাঁচেক আগেও বিশ্বকাপের মঞ্চে উসমান দেম্বেলের নামের পাশে কোনো গোল ছিল না। খরা কাটানোর পর যেন গোলের ক্ষুধায় রুদ্ররূপ ধারণ করলেন এই ফরাসি ফরোয়ার্ড। বস্টনে আজ নরওয়ের রক্ষণভাগকে একাই তছনছ করে উপহার দিলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক, যা তাঁকে জায়গা করে দিয়েছে রেকর্ড বইয়ের পাতায়। দেম্বেলের জাদুকরী হ্যাটট্রিক এ নরওয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বে পা রাখল ফ্রান্স।

ফ্রান্স ও নরওয়ে, দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে রেখেছিল। ফলে শুক্রবার বস্টনের এই হাই-ভোল্টেজ ম্যাচটি রূপ নিয়েছিল মূলত ‘আই’ গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে। সেই পরীক্ষায় শতভাগ সফল দিদিয়ে দেশমের শিষ্যরা। ৩ ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো দুইবারের বিশ্বজয়ীরা। অন্যদিকে, আসরে প্রথম হারের স্বাদ পাওয়া নরওয়ে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে যাচ্ছে।

নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে নিজেদের মূল একাদশে একসঙ্গে ১০টি পরিবর্তন এনে সম্পূর্ণ নতুন এক কৌশল নিয়ে মাঠে নেমেছিল নরওয়ে। কিন্তু ফরাসিদের হাই-প্রেসিং ফুটবলের সামনে কোচ স্টালে সোলবাকেনের এই পরীক্ষা পুরোপুরি ব্যাকফায়ার করে। ম্যাচ শুরুর মাত্র ৩২ মিনিটের মধ্যে এক টর্নেডো হ্যাটট্রিকে নরওয়েকে ম্যাচ থেকে ছিটকে দেন দেম্বেলে।

২০ মিনিটের মধ্যে ২-০ তে পিছিয়ে পড়ার পর ২১তম মিনিটে এক গোল ফিরিয়ে ম্যাচে ফেরার চেষ্টা ছিলো নরওয়ের। কিন্তু ৩২তম মিনিটে দেম্বেলে হ্যাটট্রিক পূর্ণ করে ফ্রান্সের লিড আবার বাড়িয়ে নেন। ইনজুরির কারণে যোগ করা সময়ে ফ্রান্সকে ৪-১ গোলে এগিয়ে নেন তরুণ উইঙ্গার ডেজায়ার দুয়ে।

দেম্বেলের এই অবিশ্বাস্য ছন্দ বিশ্বকাপের নকআউট পর্বের আগে ফরাসি শিবিরে দারুণ আত্মবিশ্বাস জোগাবে, তা বলাই বাহুল্য।

Exit mobile version