পর্তুগালকে রুখে দিলো ডিআর কঙ্গো । পর্তুগালের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে ড্র দিয়ে। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
ম্যাচের শুরুটা ছিল পর্তুগালের জন্য দারুণ। মাত্র ৫ মিনিটের মাথায় এগিয়ে যায় তারা। ডান প্রান্ত থেকে হোয়াও ক্যানসেলোর ক্রস-ফিল্ড পাসের পর আক্রমণ গড়ে ওঠে। বক্সের সামনে ডিআর কঙ্গো বল আংশিক ক্লিয়ার করলেও দ্বিতীয়বার সুযোগ তৈরি হয়। এরপর বাম দিক থেকে পেদ্রোর নিখুঁত ক্রসে দারুণ হেডে গোল করেন জোয়াও নেভেস। বলটি পোস্টের ওপরের ডান কোণে জালে জড়িয়ে যায় (১-০)।
এই গোলের মাধ্যমে পর্তুগালের হয়ে বিশ্বকাপে অন্যতম তরুণ স্কোরারদের তালিকায় উঠে যান নেভেস। ২১ বছর ২৬৩ দিন বয়সে তিনি ইতোমধ্যে পর্তুগালের বিশ্বকাপে তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে জায়গা করে নিয়েছেন।
গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরতে চেষ্টা করে ডিআর কঙ্গো। ইয়োনে ভিসার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩০ মিনিটে ক্যানসেলোর আরেকটি নিচু ক্রস থেকে রোনালদো খুব কাছাকাছি গিয়ে বল ছুঁতে পারেননি।
এরপর ম্যাচে পাল্টা আক্রমণে আরও কয়েকবার সুযোগ তৈরি করে কঙ্গো। এদো কায়েমবের শট একবার ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে গেলে পর্তুগাল গোলরক্ষক কস্তা সেটি রুখে দেন।
প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সমতা ফেরায় ডিআর কঙ্গো। কর্নার থেকে ছোট পাসে আক্রমণ সাজিয়ে মাসুয়াকুর ক্রসে হেডে গোল করেন ইয়োনে ভিসা। তার জোরালো হেডে স্কোরলাইন হয় ১-১। এটি ডিআর কঙ্গোর বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চালিয়ে যায়। ৫৫ মিনিটে ক্যানসেলোর অ্যাক্রোবেটিক বাইসাইকেল কিক থেকে পর্তুগাল আবারও এগিয়ে যায় বলে মনে হলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।
