জয়ের আশায় প্রথম সেশনে বল হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশের বোলাররা। অবশেষে লাঞ্চ বিরতির আগে আক্রমণে ফেরার পর নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেলেন ইবাদত হোসেন। ভাঙে আফগানিস্তানের প্রতিরোধ গড়া জুটি। ইকরাম আলিখিলের বিদায়ে দারুণ অবদান লিটন দাসে। লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়া বলে দুর্দান্ত এক ক্যাচ নেন তিনি।
সেই সাথে টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসাবে এক ম্যাচে দুটি পঞ্চাশোর্ধ রানের ইনিংস ও ৯টি ডিসমিসালের রেকর্ড এখন লিটন দাসের। ইবাদতের বলে বাউন্ডারির আশায় পুল করেন ইকরাম। পুরোপুরি লাইনে যেতে পারেননি তিনি। ব্যাটের কানায় লেগে যায় উইকেটের পেছনে। বলের লাইন বুঝতে পেরে আগেই সরতে থাকেন লিটন। পরে ডাইভ দিয়ে অনেকটা গোলরক্ষকদের মতো বল গ্লাভসে নেন তিনি। ভাঙে ১৪৭ বল স্থায়ী ৬৬ রানের জুটি।
৬৯ বলে পাঁচ চারে ৩৩ রান করেন ইকরাম। ৭৮ ওভারে আফগানিস্তানের রান ৪ উইকেটে ২০২। ক্রিজে সেদিকউল্লাহ আটালের সঙ্গী ইসমাত আলম। আফগানিস্তানের চার ব্যাটসম্যানই আউট হলেন ক্যাচ দিয়ে। চারটি ক্যাচই নিলেন লিটন। ম্যাচে এটি তার নবম ডিসমিসাল। জিততে বাংলাদেশের প্রয়োজন আর ৬ উইকেট।
অন্যদিকে জিততে বাকি উইকেট নিয়ে দুই সেশনে আফগারদের করতে হবে এখনও ২৭৬ রান। আর টেস্ট বাঁচাতে বাকি উইকেট নিয়ে সারা দিন উইকেটে টিকে থাকতে হবে।
চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস ৩৪৬/১০
আফগানিস্তান প্রথম ইনিংস ২৪০/১০
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ৩৭২/৭
আফগানিস্তান দ্বিতীয় ইনিংস ১৩২/৩
বাংলাদেশ এগিয়ে ৩৪৭ রান


