ইবোলা মহামারি: বিশ্বকাপ প্রস্তুতিতে পরিবর্তন আনতে বাধ্য হলো কঙ্গো

বিশ্বকাপ ফুটবল ২০২৬

গত মার্চে মেক্সিকোর জাপোপানে জামাইকার বিপক্ষে ফিফা বিশ্বকাপ ২০২৬ প্লে-অফ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জয়ী হয়ে এবং যোগ্যতা অর্জন করার পর উল্লাস করছেন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (কঙ্গো ডিআর)-এর খেলোয়াড়রা। (গেটি ইমেজেস)

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কঙ্গো জাতীয় ফুটবল দল রাজধানী কিনশাসায় তাদের বিশ্বকাপ পূর্ববর্তী নির্ধারিত অনুষ্ঠানগুলো বাতিল করতে বাধ্য হয়েছে। দলের একজন মুখপাত্র জানিয়েছেন, দেশের মাটিতে কার্যক্রম স্থগিত করে তারা এখন বেলজিয়ামে তাদের বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাবে।

পূর্বপরিকল্পনা অনুযায়ী, আগামী জুনে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে সোমবার (২৫ মে) সমর্থকদের উপস্থিতিতে একটি উন্মুক্ত অনুশীলন সেশন এবং দেশের রাষ্ট্রপ্রধান ফেলিক্স শিসেকেদির (Felix Tshisekedi) সাথে একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল কঙ্গো দলটির।

তবে ইবোলা প্রাদুর্ভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) কর্তৃক আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে দলটির এই পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেনে দলের ওই মুখপাত্র।

সিডিসি-র নিয়ম অনুযায়ী, বিগত ২১ দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করা কোনো নন-ইউএস (যারা আমেরিকার নাগরিক নন) পাসপোর্টধারী ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

এই নিষেধাজ্ঞার কারণে কঙ্গোয় অবস্থানরত দলের সব স্টাফ ও কর্মকর্তাদের বৃহস্পতিবারের মধ্যেই দেশ ছাড়তে হচ্ছে, যাতে তারা কোনো বাধা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন। দলটি আগামী ১০ বা ১১ জুন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরিকল্পনা করেছে।

অবশ্য দলের এই সূচি পরিবর্তনকে খুব বড় সমস্যা হিসেবে দেখছেন না টিম ম্যানেজার ডোডো লান্দু। রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল, আরএফআই-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,

“এই পরিবর্তন আমাদের জন্য খুব বড় কোনো ধাক্কা নয়, কারণ কিনশাসায় আমাদের মাত্র তিন দিনের কর্মসূচি ছিল। আমরা শুধু বেলজিয়ামের ক্যাম্পটি চালু রাখব এবং ২৫ মে-র অনুষ্ঠানটি কিনশাসা-র বদলে ব্রাসেলসে অনুষ্ঠিত হবে।”

বিশ্বকাপ চলাকালীন কঙ্গো দল টেক্সাসের হিউস্টনে অবস্থান করবে। গত সোমবার ঘোষিত কঙ্গোর বিশ্বকাপ স্কোয়াডের সব খেলোয়াড়ই দেশের বাইরের বিভিন্ন ক্লাবে খেলেন, যাদের বেশিরভাগই ইউরোপের ক্লাবগুলোতে খেলছেন।

টেক্সাস ডিপার্টমেন্ট অফ স্টেট হেলথ সার্ভিসেস বুধবার জানিয়েছে যে, তারা “দলসমূহ, দর্শক এবং টেক্সাসের সকল বাসিন্দাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সিডিসি, ফিফা এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করছে।”

বিশ্বকাপে ডি আর কঙ্গোর খেলার সূচি

বিশ্বকাপে কঙ্গো তাদের প্রথম ম্যাচে হিউস্টনে পর্তুগালের মুখোমুখি হবে। এরপর গুয়াদালাহারায় কলম্বিয়ার বিরুদ্ধে লড়বে এবং আটলান্টায় উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা গ্রুপ পর্বের অভিযান শেষ করবে।

উল্লেখ্য, বুধবার পর্যন্ত কঙ্গোয় ইবোলা ভাইরাসে আক্রান্ত সন্দেহে প্রায় ৬০০টি কেস শনাক্ত হয়েছে এবং এতে ১৩৯ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version