এমবাপ্পে বনাম হালান্ড – বিশ্বকাপ মঞ্চে নতুন মহাযুদ্ধ

বিশ্বকাপ ফুটবল

এমবাপ্পে বনাম হালান্ড

এমবাপ্পে ও হালান্ড

এমবাপ্পে বনাম হালান্ড ! দীর্ঘ দেড় দশক ধরে ফুটবল বিশ্বকে সম্মোহিত করে রেখেছিল দুই মহাতারকার অবিশ্বাস্য প্রতিদ্বন্দ্বিতা-লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলের রঙিন মঞ্চ হোক কিংবা আন্তর্জাতিক ফুটবলের মহারণ, সর্বত্রই ছিল এই দুই কিংবদন্তির আধিপত্য। তবে সময়ের নিয়মে সেই সোনালি অধ্যায়ের শেষ পৃষ্ঠা গুলো ধীরে ধীরে লেখা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে-এরপর?

ফুটবল প্রেমীদের জন্য সুখবর, নতুন মহাযুদ্ধের অপেক্ষা খুব বেশি দীর্ঘ হয়নি। ২০২৬ বিশ্বকাপেই স্পষ্ট হয়ে উঠেছে নতুন এক দ্বৈরথ-ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের আর্লিং হালান্ড। আজ বোস্টনের মাঠে মুখোমুখি হচ্ছে এই সময়ের দুই ভয়ঙ্কর গোলমেশিন।

ফ্রান্স ও নরওয়ে-দুই দলই ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। ফলে আজকের ম্যাচ শুধু গ্রুপ সেরার লড়াই নয়; এটি আধিপত্য প্রতিষ্ঠারও মঞ্চ। একইসঙ্গে ফুটবল বিশ্বের ভবিষ্যৎ সিংহাসনের দাবিদার দুই তারকার ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই।

দুজনের ফুটবল দর্শন যেন দুই মেরুর

মাঠে এমবাপ্পে ও হালান্ড-দুজনের ফুটবল দর্শন যেন দুই মেরুর। এমবাপ্পে মানেই বিস্ফোরক গতি, চোখ ধাঁধানো ড্রিবলিং এবং মুহূর্তে ডিফেন্ডারদের পেছনে ফেলে দেওয়ার ক্ষমতা। বাম প্রান্ত থেকে কাট-ইন করে তার ট্রেডমার্ক কোনাকুনি শট বহুবার প্রতিপক্ষকে হতাশ করেছে। চলতি বিশ্বকাপে সেনেগাল ও ইরাকের বিপক্ষে জোড়া গোল করে দুর্দান্ত ফর্মে থাকার বার্তাও দিয়েছেন ফরাসি অধিনায়ক। দুই ম্যাচে চার গোল করে তিনি শুধু টুর্নামেন্টে নয়, ইতিহাসেও জায়গা করে নিচ্ছেন দ্রুত গতিতে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন তিনি; সামনে এখন লিওনেল মেসির ১৮ গোল।

হালান্ড ও এমবাপ্পে

অন্যদিকে আর্লিং হালান্ড যেন গোল করার জন্য নির্মিত এক যান্ত্রিক বিস্ময়। বক্সের ভেতর সামান্য সুযোগ পেলেই সেটিকে গোলে পরিণত করার অদ্ভুত দক্ষতা তার। উচ্চতা, শারীরিক শক্তি এবং নির্মম ফিনিশিং-সব মিলিয়ে বিশ্বের যেকোনো রক্ষণ ভাগের জন্য তিনি দুঃস্বপ্ন। এমবাপ্পের মতো তিনিও দুই ম্যাচে চার গোল করেছেন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সমানতালে ছুটছেন। ক্লাব ফুটবলে তার গোলবন্যা বিশ্বকাপেও অনুবাদ হচ্ছে নিখুঁত ভাবে। ইতোমধ্যে নরওয়ের জার্সিতে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনও নিজের করে নিয়েছেন।

অভিজ্ঞতার বিচারে এগিয়ে এমবাপ্পে

তবে অভিজ্ঞতার বিচারে এগিয়ে এমবাপ্পে। তিনি আগেই দুটি বিশ্বকাপ খেলেছেন এবং দুই আসরেই ফাইনালে উঠেছেন-একবার চ্যাম্পিয়ন, অন্যবার রানার্সআপ। বিশ্বমঞ্চের চাপ, আলো এবং প্রত্যাশা-সবই তার পরিচিত। বিপরীতে হালান্ডের জন্য এটি প্রথম বিশ্বকাপ। কিন্তু অভিজ্ঞতার ঘাটতি তিনি পূরণ করছেন ভয়ংকর ধারাবাহিকতায়।

আজ বোস্টনের আলো ঝলমলে রাতে হাজারো ক্যামেরার ফোকাস থাকবে দুই তারকার ওপর। একজনের গায়ে ১০ নম্বর জার্সি, অন্যজনের ৯। কিন্তু জার্সির নম্বর নয়, সিদ্ধান্ত আসবে পায়ের জাদুতে।

শেষ পর্যন্ত জয় কার হবে, সেটি নির্ধারণ করবে ৯০ মিনিটের যুদ্ধ। তবে ফল যাই হোক, একটি বিষয় পরিষ্কার-মেসি-রোনালদোর পর ফুটবল বিশ্ব নতুন এক সোনালি যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আর সেই নতুন যুগের দুই উজ্জ্বলতম নক্ষত্র নিঃসন্দেহে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড।

Exit mobile version