আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে স্পিনেই ভারতকে কাবু করতে চায় ইংল্যান্ড । মুম্বাইয়ের টার্নিং উইকেটে তাই ভারতের বিপক্ষে বেশ আত্মবিশ্বাসী ইংল্যান্ড। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।
হাইভোল্টেজ সেমিফাইনালের এই ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে স্পিন। তবে আত্মবিশ্বাসী ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক জানালেন, স্বাগতিকদেরই স্পিনে চ্যালেঞ্জ জানাবে ইংল্যান্ড। উপমহাদেশের বাইরের দলগুলো সাধারণত এখানের স্পিনিং বা টার্নিং উইকেটে চ্যালেঞ্জের মুখে পড়ে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচরাচর ব্যাটিং সহায়ক উইকেট থাকলেও স্পিন ধরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে শ্রীলঙ্কায় খেলে স্পিন কন্ডিশনেও আত্নবিশ্বাস পেয়েছে ইংলিশরা। ভারতের বিপক্ষেও তাই আত্মবিশ্বাসী বাটলার-ব্রুকরা।
বিগ ম্যাচে টার্নিং উইকেটে খেলতে আত্মবিশ্বাসের কথা জানিয়ে হ্যারি ব্রক বলেন,
আমার মনে হয়, ইংল্যান্ডের স্পিন খেলা নিয়ে সবসময়ই নেতিবাচক ধারণা ধরে রাখা হয়, যা প্রাপ্য নয় মোটেও। শ্রীলঙ্কায় গিয়ে আমরা টানা ছয় ম্যাচ (পাঁচ ম্যাচ) জিতেছি এমন দলের বিপক্ষে, যারা নিজেদের কন্ডিশনে খুবই ভালো দল। টার্নিং পিচে খেলতে আত্মবিশ্বাসের কমতি নেই আমাদের।
তবে স্বাগতিক ভারতীয় দলে স্পিনার হিসেবে আছেন অক্ষর প্যাটেল, বরুন চক্রবর্তী, কুলদীপ যাদবরা। এর মধ্যে বরুন চক্রবর্তী কিছুটা সাদামাটা টুর্নামেন্ট কাটাচ্ছেন। তবে বরুনকে বিশ্বের সেরাদের একজন আখ্যা দিয়েছেন ইংলিশ অধিনায়ক।
এছাড়া তিনি বলেন,
ভারত সবসময়ই ভালো স্পিনার উপহার দিয়েছে এবং এই টুর্নামেন্টে আসার আগে থেকেই সেটা আমরা মেনে নিয়েছি। চক্রবর্তী অবশ্যই বিশ্বের সেরা স্পিনারদের একজন এবং আমি চেষ্টা করব তার বিপক্ষে সেরাটা দিতে এবং যত বেশি সম্ভব রান করতে।
একই সাথে ভারতকে স্পিন দিয়ে ঘায়েল করার হুমকিও দিয়েছেন ব্রুক। ইংল্যান্ডের দলেও আছেন আদিল রশিদ, লিয়াম ডসন, উইল জ্যাকস, রেহান আহমেদের মতো স্পিনাররা। উইল জ্যাকস বিশ্বকাপে ম্যাচসেরা হয়েছেন চারবার। রেহান আহমেদ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নিউজিল্যান্ডকে হারাতে রেখেছেন বড় অবদান। লিয়াম ডসন, আদিল রশিদরা নিয়মিত উইকেট এনে দিচ্ছেন ইংল্যান্ডকে।
স্পিন উইকেট নিয়ে ব্রুক বলেন,
আমাদের দারুণ সব স্পিনারও আছে। এই টুর্নামেন্টে আমাদের স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছে এবং সেই চ্যালেঞ্জও সামলাতে হবে ভারতকে।
আসরের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে জয়ী দল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে।
