রাউন্ড অফ ৩২-এ কঙ্গোর মুখোমুখি ইংল্যান্ড

রাউন্ড অফ ৩২-এ কঙ্গোর মুখোমুখি ইংল্যান্ড

রাউন্ড অফ ৩২-এ কঙ্গোর মুখোমুখি ইংল্যান্ড । গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্সের পর এবার নকআউটের মঞ্চে উঠছে ইংল্যান্ড। শেষ ৩২-এর লড়াইয়ে বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে থমাস টুখেলের দল। তবে ম্যাচের আগে কোনো ঝুঁকি নিতে চাইছে না থ্রি লায়ন্সরা, তাই টাইব্রেকারের প্রস্তুতিতেও বাড়তি গুরুত্ব দিচ্ছে তারা।

ক্রোয়েশিয়া ও পানামাকে হারিয়ে এবং ঘানার সঙ্গে ড্র করে গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন হয়েই নকআউটে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। কাগজে-কলমে কঙ্গোর চেয়ে অনেকটাই এগিয়ে ইংলিশরা, কিন্তু ইউরো ২০২১ ফাইনালে ইতালির বিপক্ষে টাইব্রেকারে শিরোপা হারানোর স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় দলটিকে। সেই কারণেই অনুশীলনে পেনাল্টি শট নিয়ে আলাদা করে কাজ করাচ্ছেন কোচ টুখেল।

দলের উইঙ্গার ননি মাডুয়েকে জানিয়েছেন, নকআউট ফুটবলে যেকোনো মুহূর্তে ম্যাচ টাইব্রেকারে যেতে পারে, তাই তারা সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকছেন। আর্সেনালের এই তরুণ তারকা বলেন, সুযোগ পেলে দেশের হয়ে টাইব্রেকারে শট নিতে তিনি পুরোপুরি প্রস্তুত।

এদিকে দলে বুকায়ো সাকার সঙ্গে একাদশে জায়গা পাওয়ার প্রতিযোগিতা থাকলেও সেটিকে ইতিবাচকভাবেই দেখছেন মাডুয়েকে। তার মতে, এমন প্রতিদ্বন্দ্বিতা দলের মান আরও বাড়ায়। সম্প্রতি আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জয়ের আত্মবিশ্বাস নিয়েই এখন বিশ্বকাপ মঞ্চে নিজেদের এগিয়ে নিতে চায় ইংল্যান্ড।

গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা ইংল্যান্ড এখন কঙ্গোকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নামবে।

Exit mobile version