তিন ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন পাকিস্তানের অধিনায়ক সাহিবজাদা ফারহান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিন ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে ভারতের অভিষেক শর্মাকে পেছনে ফেলেছেন এই ওপেনার।
ঘরের মাঠে তিন ম্যাচে ফারহানের ব্যাট থেকে এসেছে ২৩৮ রান। ৭৯.৩৩ গড় ও ১৬৫.২৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। এর আগে তিন ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ সদস্য দুই দেশের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল অভিষেক শর্মার। চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে ভারতের ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ৭৬.৩৩ গড়ে ২২৯ রান করেছিলেন এই বাঁহাতি ওপেনার। সেই সিরিজে একটি সেঞ্চুরির পাশাপাশি একটি অর্ধশতকও ছিল তাঁর।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই রেকর্ড গড়ার আভাস দিয়েছিলেন ফারহান। ৫৩ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ১০টি চার ও চারটি ছক্কায় সাজানো ইনিংসে ভর করে ১৮৩ রানের লক্ষ্য পেরিয়ে যায় পাকিস্তান। ম্যাচটি স্বাগতিকেরা জেতে ৪ উইকেটে।
দ্বিতীয় ম্যাচেও ফারহানের ব্যাট ছিল সমান উজ্জ্বল। ৪৪ বলে করেন ৭৩ রান। তাঁর ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৫ রান তোলে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ১৩৩ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে পাকিস্তান।
শেষ ম্যাচেও ব্যাট হাতে নিজের ধারাবাহিকতা ধরে রাখেন ফারহান। ৪৭ বলে করেন ৭৬ রান। তাঁর ইনিংসে ভর করে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান তোলে পাকিস্তান। তবে এবার আর জয় পায়নি স্বাগতিকেরা। ৮ উইকেটের জয়ে হোয়াইটওয়াশ এড়ায় শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে পাকিস্তানের পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পান ফারহান। নেতৃত্বের প্রথম সিরিজেই ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে রেকর্ড গড়লেন এই ওপেনার।
তিন ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান
- সাহিবজাদা ফারহান (পাকিস্তান)– ২৩৮ রান, শ্রীলঙ্কার বিপক্ষে, ২০২৬
- অভিষেক শর্মা (ভারত) -২২৯ রান, আফগানিস্তানের বিপক্ষে, ২০২৬
- কলিন মানরো (নিউজিল্যান্ড) – ২২৩ রান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১৭-১৮
- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) -২১৭ রান, শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৯




