ফাইনালের আগে লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৫৬ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকেছে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেছেন ওপেনার মাইমুনা নাহার। ২৬ বলের ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে এই রান। সাদিয়া আক্তার করেছেন ১৭ রান, খেলেছেন ২৬ বল। এই দুজন ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
১৭.৩ ওভার ব্যাট করে ৫৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে বল হাতে সবচেয়ে সফল লিমানসা। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে একটি উইকেট হারায় শ্রীলঙ্কা। ওপেনার উমায়াঙ্গানা পেইরিসকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ফারজানা ইয়াসমিম মেধা।
তবে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। আরেক ওপেনার বিমোক্ষা ১৮ বলে ২২ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষ দিকে নেথমি ও লিমানসা মিলে বাকি কাজ শেষ করেন। ৫৬ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিম মেধা ও তিথি দাস অপর্ণা একটি করে উইকেট নিয়েছেন।
লিগ পর্বের শেষ ম্যাচে হারলেও আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ১৬ অক্টোবর একই ভেন্যুতে শিরোপার লড়াইয়ে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। ফাইনালের আগে এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোই হবে বাংলাদেশের মেয়েদের লক্ষ্য।




