কঠোর শর্তে বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি প্রকাশে রাজি ফিফা

বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে পরিচিত সেই প্রস্তাব উত্থাপনের কয়েক দিনের মধ্যেই তা বাতিল করা হয়। এবার ওই পরিকল্পনা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পর্যালোচনার সুযোগ দিতে যাচ্ছে ফিফা। সংস্থাটির কাউন্সিল সদস্যরা নির্দিষ্ট শর্ত মেনে এসব নথি দেখার অনুমতি পাবেন বলে জানিয়েছে রয়টার্স।

বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত এক ব্যক্তির বরাতে সোমবার রয়টার্স জানায়, গত মাসে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ফিফাকে ২ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। এর মধ্যে বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবের বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানায় তারা। উয়েফার এই চাপের মুখেই নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে ফিফা।

ওই সূত্রের তথ্য অনুযায়ী, ফিফার সেক্রেটারি জেনারেল মাত্তিয়াস গ্রাফস্ট্রম সোমবার কাউন্সিল সদস্যদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে জানানো হয়েছে, জুরিখে ফিফার সদর দপ্তরে গিয়ে নির্ধারিত নিয়ম মেনে সংশ্লিষ্ট নথিগুলো পর্যালোচনা করতে পারবেন আগ্রহী সদস্যরা। এ জন্য তাঁদের আগাম নিবন্ধন করতে হবে।

বিবিসি স্পোর্টের হাতে আসা চিঠিতে গ্রাফস্ট্রম উল্লেখ করেছেন, গোপনীয়তা রক্ষার স্বার্থে নথিগুলো ‘কঠোর পর্যালোচনার নিয়মের অধীনে’ দেখার সুযোগ দেওয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে আগ্রহী কাউন্সিল সদস্যদের নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। তবে ঠিক কোন কোন নথি তাঁদের সামনে উপস্থাপন করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে ফিফা কাউন্সিলের এক বৈঠকে বাতিল হয়ে যাওয়া এই পরিকল্পনা নিয়ে ক্ষমা চেয়েছিলেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে প্রস্তাবটি কীভাবে তৈরি হয়েছিল এবং এর পেছনে কারা জড়িত ছিলেন, সে বিষয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারেননি তিনি। বরং এ নিয়ে কাউন্সিল সদস্যদের প্রশ্ন লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ইনফান্তিনো।

spot_imgspot_img
spot_img

Related Articles