বিশ্বকাপে লামিনের সেরা পারফরম্যান্স এখনও দেখা বাকি-ফুয়েন্তের বিশ্বাস

নিজের প্রথম ফিফা বিশ্বকাপে এখনও পুরোপুরি আলো ছড়াতে পারেননি লামিন ইয়ামাল। তবে মাঠে নামলেই প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক তৈরি করছেন এই তরুণ স্প্যানিশ তারকা। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে মনে করেন, বিশ্ব মঞ্চে ইয়ামালের সেরা পারফরম্যান্স এখনও দেখা বাকি।

এবারের বিশ্বকাপের শুরুটা সুখকর ছিল না ইয়ামালের জন্য। চোটের কারণে আসরের প্রথম দিকে খুব বেশি সময় খেলতে পারেননি তিনি। কেপ ভার্দের বিপক্ষে শেষ দিকে মাঠে নামানো হয় তাকে। পরে সৌদি আরবের বিপক্ষে খেলেন কেবল প্রথমার্ধ, আর সেই ম্যাচেই বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।

বর্তমানে পুরোপুরি ফিট ইয়ামাল। সবশেষ দুই ম্যাচেই খেলেছেন পূর্ণ সময়। ধীরে ধীরে ছন্দে ফিরছেন এবং মাঝেমধ্যে তার স্বাভাবিক প্রতিভার ঝলকও দেখা যাচ্ছে। তবু এখনও নিজের সেরা রূপে পৌঁছাতে পারেননি বলে মনে করছেন অনেকেই।

এখন পর্যন্ত বিশ্বকাপে একটি গোলই করেছেন ইয়ামাল, অ্যাসিস্টের খাতা এখনও খোলা হয়নি। তবে স্পেনের সেমিফাইনালে ওঠার পথে তার প্রভাব ছিল স্পষ্ট। তাকে থামাতে প্রতিপক্ষকে বাড়তি মনোযোগ দিতে হওয়ায় সুবিধা পেয়েছেন স্পেনের অন্য আক্রমণভাগের খেলোয়াড়রা।

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের আগে কাদেনা এসইআর কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামালকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, “এই বিশ্বকাপে লামিনের সেরা পারফরম্যান্স এখনও আসা বাকি। সে প্রচণ্ড অনুপ্রেরণা নিয়ে খেলে। তার মধ্যে দারুণ আগ্রহ ও ক্ষুধা আছে। আমাদের শুধু তার অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে অতিরিক্ত চাপ তাকে প্রভাবিত না করে।”

স্পেন কোচ আরও বলেন, ‘এটি অভিজ্ঞতা অর্জন ও পরিপক্ব হওয়ার একটি প্রক্রিয়া। এমবাপে ও হলান্ডও কয়েক বছর আগে এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। লামিন এখন সেই পথেই আছে। বিশ্বকাপের বাকি সময়টায় সে এমন কিছু করবে, যা সবার মনে ইতিবাচক ছাপ ফেলবে।’

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ইয়ামাল। সেই টুর্নামেন্টে একটি গোলের পাশাপাশি করেছিলেন চারটি অ্যাসিস্ট এবং জিতেছিলেন আসরের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার। এবার বিশ্বকাপেও তার কাছ থেকে আরও বড় কিছুর প্রত্যাশায় স্পেন শিবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles