বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের জন্য ফিফার নতুন নিয়ম

মুসলিম ফুটবলারদের জন্য ফিফার নতুন নিয়ম

মরক্বোর ফুটবলার ইসমাইল সাইবারি

এবারের বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের জন্য ফিফার নতুন নিয়ম চালু হয়েছে। চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে ফুটবলারদের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক সংবেদনশীলতার প্রতি এক অনন্য সম্মান ও নজির স্থাপন করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। বিশ্বমঞ্চে মুসলিম খেলোয়াড়দের ধর্মীয় অনুভূতিকে প্রাধান্য দিয়ে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ বা ম্যাচসেরার পুরস্কার প্রদান নীতিতে বিশেষ ও ইতিবাচক পরিবর্তন এনেছে তারা।

নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো মুসলিম ফুটবলার ম্যাচসেরা নির্বাচিত হলে পুরস্কারের ট্রফি কিংবা ব্যাকড্রপ (পেছনের পর্দা) থেকে অ্যালকোহল বা মদ-সংশ্লিষ্ট স্পন্সরের লোগো ও ব্র্যান্ডিং সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া হচ্ছে।

ইসমাইল সাইবারির হাত ধরে নতুন অধ্যায়

চলতি আসরে মরক্কোর তারকা মিডফিল্ডার ইসমাইল সাইবারির ম্যাচসেরা হওয়ার মধ্য দিয়ে ফিফার এই নতুন উদ্যোগটি সবার নজরে আসে। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। তবে পুরস্কার গ্রহণের সময় তার হাতে থাকা ট্রফিতে বিশ্বকাপের অন্যতম প্রধান স্পন্সর বিয়ার ব্র্যান্ড ‘মাইকেলব আল্ট্রা’র (Michelob ULTRA) প্রচলিত লোগোটি দেখা যায়নি। তার পরিবর্তে ট্রফিতে রাখা হয়েছিল সম্পূর্ণ নিরপেক্ষ ও অ্যালকোহলমুক্ত ‘সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’ ডিজাইন এবং ফিফার অফিশিয়াল লোগো।

ফিফার এই বিশেষ সুবিধা কেবল সাইবারিই পাননি; চলতি বিশ্বকাপে ইতোমধ্যে মিশরের ইমাম আশুর, জর্ডানের আলি ওলওয়ান, ইরানের রামিন রেজায়িয়ান, কাতারের মাহমুদ আবুনাদা এবং আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দের মতো মুসলিম ফুটবলারদের ক্ষেত্রেও এই নিয়মটি কার্যকর করা হয়েছে।

অনুরোধ সাপেক্ষে স্পন্সরমুক্ত পুরস্কার

ফিফার এক মুখপাত্র আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ‘স্পোর্টবাইবেল’-কে জানিয়েছেন, টুর্নামেন্টে অংশ নেওয়া যেকোনো খেলোয়াড় যদি ব্যক্তিগত বা ধর্মীয় কারণে অনুরোধ করেন, তবে তাকে স্পন্সরমুক্ত ট্রফি ও ব্যাকড্রপ দেওয়ার শতভাগ ব্যবস্থা রাখা হয়েছে। প্রাপ্তবয়স্ক মুসলিম খেলোয়াড়দের পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক বা অনূর্ধ্ব-১৮ ফুটবলারদের সুরক্ষার কথা চিন্তা করেও ফিফা এই একই নীতি অনুসরণ করছে।

পটভূমি ও ক্রীড়াঙ্গনে অন্তর্ভুক্তি

ফুটবল বিশ্বে অবশ্য অ্যালকোহল স্পন্সরের ট্রফি বয়কটের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৮ বিশ্বকাপে মিশরের কিংবদন্তি গোলরক্ষক মোহাম্মদ আল শেনাবি অ্যালকোহল স্পন্সরযুক্ত ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। সেই ঘটনার পর থেকেই বিভিন্ন ঘরোয়া লিগ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে মুসলিম ফুটবলারদের জন্য অ্যালকোহলমুক্ত বিকল্প ট্রফি রাখার দাবি জোরালো হচ্ছিল।

অবশেষে ২০২৬ বিশ্বকাপে ফিফা অফিশিয়ালি এই নীরব কিন্তু অত্যন্ত কার্যকর সিদ্ধান্তটি গ্রহণ করল। ক্রীড়া বিশ্লেষকদের মতে, বাণিজ্যিক চুক্তি বজায় রেখেও খেলোয়াড়দের ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার এই প্রয়াস প্রশংসনীয়। এটি বৈশ্বিক ফুটবলে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Exit mobile version