স্ত্রী হারালেন ফুটবল কোচ মানিক

জাতীয় ফুটবলার হিসেবে পরিচিত হলেও কোচ হিসেবে তিনি নিজেকে নিয়ে গেছেন ভিন্ন এক উচ্চতায়। দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিষ্ঠা ও সফলতার মাধ্যমে দেশের

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সুপরিচিত নাম শফিকুল ইসলাম মানিক। সাবেক জাতীয় ফুটবলার হিসেবে পরিচিত হলেও কোচ হিসেবে তিনি নিজেকে নিয়ে গেছেন ভিন্ন এক উচ্চতায়। দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিষ্ঠা ও সফলতার মাধ্যমে দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তার ব্যক্তিগত জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজ সকালে তিনি হারিয়েছেন তার জীবনসঙ্গী শাম্মি আক্তারকে। মাত্র ৪৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মানিকের স্ত্রী।

এই আকস্মিক মৃত্যুর খবরে দেশের ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের আবহ। সহকর্মী, খেলোয়াড়, সংগঠকসহ সবাই গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শাম্মি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাদ জোহর সোবহানবাগ এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

ব্যক্তিগত জীবনে শফিকুল ইসলাম মানিক কিছুটা দেরিতে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে রয়েছে একমাত্র কন্যা। অল্প বয়সেই মাকে হারিয়ে শিশুকন্যার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

সত্তরের দশক থেকে দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত মানিক আশির দশকে ব্রাদার্স ইউনিয়ন এর হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব এর জার্সিতেও দীর্ঘ সময় খেলেছেন। জাতীয় দলেও প্রতিনিধিত্ব করেছেন সুনামের সঙ্গে। তবে খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেই তিনি বেশি খ্যাতি অর্জন করেন। দুই দশকেরও বেশি সময় ধরে দেশের শীর্ষ পর্যায়ের ফুটবলে কোচিং করিয়েছেন এবং জাতীয় দলেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া আশির দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার ছোট ভাই রফিকুল ইসলাম বাবুও ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র বর্তমান এডহক কমিটির সদস্য হিসেবে কাজ করছেন রফিকুল ইসলাম বাবু।

শফিকুল ইসলাম মানিকের স্ত্রীর অকাল মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, মোহামেডান ক্লাবসহ দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছে।

Exit mobile version